কেন্দুয়ায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছেলে রাজীন (৬) নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় শাহীনের স্ত্রী ও মেয়েসহ অপর মোটরসাইকেলটির চালক শফিকও (৩৫) আহত হয়েছেন। এদের মধ্যে শফিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার উপজেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়ের লাহেড়ীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক শাহীন উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লেখক হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি উপজেলার দলপা ইউনিয়নের আমতলি গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী ও দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে মাহমুদুল হক শাহীন দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়ের লাহেড়ীবাড়ি এলাকায় তাঁদের বহনকারী মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহমুদুল হক শাহীন, ছেলে রাজীন, স্ত্রী ও মেয়েসহ অপর মোটরসাইকেলের চালক শফিকও আহত হন।
পরে তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহীন ও রাজীনকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় শফিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশায় বলে জানা গেছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ হাসপাতালে যায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।









