
নেত্রকোনার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফয়সাল আহমেদ (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহমেদ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। সে নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বাবনিকোনা সংসদ বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়। এই উপলক্ষে রাত ১২টার দিকে অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে ফয়সাল আহমেদ ও তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম মিয়ার (১৯) কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে মাসুম মিয়া তাঁর পরিবারের সদস্যদের নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ফয়সালদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে ফয়সাল আহমেদ, তাঁর চাচাতো ভাই রবিন মিয়া (১৯), চাচা সাদেকুল ইসলাম (৪২) ও চাচাতো ভাই উজ্জ্বল মিয়ার ছেলে সৌরভ মিয়া (১৯) আহত হয়।
পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সাল আহমেদ ও সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যান।
নিহত ফয়সালের চাচা সাদেকুল ইসলাম বলেন, ‘মাসুম মিয়া, তার বাবা কামরুল ইসলাম, চাচাতো ভাই রাজন মিয়া (১৮), রিয়াজ মিয়া (২০), মিলন মিয়াসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় ফয়সাল নিহত হয়েছে। আমরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে অভিযুক্ত মাসুম মিয়াদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তিরা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে বিরোধের জেরে সংঘটিত হামলায় ফয়সাল আহমেদ নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। নিহত ফয়সালের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজন যুবককে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে চার্জলাইন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লালু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
নরসিংদীতে ফাহিম মিয়া (১৭) নামের এক ইজিবাইকচালককে হত্যা করে তার ইজিবাইকের ব্যাটারি লুটের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৪ মিনিট আগে
মালয়েশিয়া থেকে প্রায় ১১ বছর পর দেশে ফিরছিলেন ছেলে। তাঁকে আনতে ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন মা, ভাই-বোন ও স্বজনরা। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তাঁদের। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবারের চার সদস্য। আর বাড়িতে থাকার কারণে বেঁচে গেছেন শুধু বাবা শহিদুল ইসলাম।
১৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দর্শকদের করতালি আর উৎসবের আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভেলাবাইচ প্রতিযোগিতা। গতকাল সোমবার বিকেলে বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে ভেলুয়া নদীতে নৌকাবাইচের আদলে এই ভেলাবাইচ আয়োজিত হয়।
২৩ মিনিট আগে