নরসিংদীতে ফাহিম মিয়া (১৭) নামের এক ইজিবাইকচালককে হত্যা করে তার ইজিবাইকের ব্যাটারি লুটের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাহিম মিয়া মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে সে ইজিবাইক চালাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। রাত ৮টার দিকে বাবার সঙ্গে সর্বশেষ কথা হয় তার। এ সময় ফাহিম জানায়, কয়েকজন ব্যক্তি তার পিছু নিয়েছে। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফাহিমের বাবা রুহুল আমিন প্রতিবেশীদের নিয়ে সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলের পাশে ফাহিমের ইজিবাইকটি পাওয়া গেলেও তাতে চারটি ব্যাটারি ছিল না। ধারণা করা হচ্ছে, ব্যাটারি লুটের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথার অংশ পানিতে এবং পায়ের অংশ পুকুরপাড়ে ছিল। প্রাথমিকভাবে নিহত ফাহিমের গলার পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইকটি উদ্ধার করা হলেও এর চারটি ব্যাটারি পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম নামের এক সৌদিপ্রবাসীর বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রফিকুল গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর ছেলে দিহান ইসলাম (১২) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে।
১১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত থেকে অস্ত্রের একটি চালান যাচ্ছিল কুষ্টিয়ায়। পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাটে চেকপোস্ট বসিয়ে চালানটি জব্দ করেছে পুলিশ। এ সময় এক তরুণীসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকারও।
১৫ মিনিট আগে
চাঁদপুরে অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ মিনিট আগে
রাজধানীর উত্তরা–উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ হকার ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি ভবিষ্যতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা দোকান না বসানোর জন্য হকারদের সতর্ক করা হয়েছে।
২৩ মিনিট আগে