সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন জেলার দুর্গাপুর পৌর শহরের ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও একই উপজেলার তেরিবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ (২৫)।
আজ রোববার দুপুরে তাঁদের দুর্গাপুর চৌকি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আর রিমান্ডের আবেদন করা হয়নি। পরে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নেত্রকোনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। ইমন ও সাব্বিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা আছে।
এ নিয়ে সাংবাদিক আলিফ হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে ও ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁদের দুজনকেই পুলিশি রিমান্ডে পাঠিয়েছিলেন। এখন তাঁরা কারাগারে রয়েছেন।
গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলা তেলনজিয়া এলাকায় গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন। ঘটনার পরদিন আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা ওরফে খাদিজা আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।
নিহত আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ চালাতেন। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে লেখালেখি করতেন।









