
নাটোরের লালপুরে ছখিনা বেগম (৮৪) নামে এক বিধবা নারীকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধার নামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর করা একটি মৃত্যু সনদ সমাজসেবা অফিসে জমা দিয়ে ভাতা বাতিলের আবেদন করা হয়েছে। এদিকে ইউপি চেয়ারম্যানের দাবি, এটি ভুলবশত হয়ে গেছে।
ভুক্তভোগী ছখিনা বেগম লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের দনি প্রামাণিকের মেয়ে এবং মৃত আ. সাত্তারের স্ত্রী।
আজ রোববার ভুক্তভোগী ছখিনা বেগমের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিনিধির। এ সময় তিনি জানান, হঠাৎ আগস্ট মাস থেকে তাঁর মোবাইল ফোনে টাকা আসা বন্ধ হয়ে যায়। ঘটনাটি জানতে তিনি সমাজসেবা অফিসে খবর নিতে গেলে তাঁকে জানানো হয়, ‘আপনি তো মারা গেছেন’। তাই ভাতা বন্ধ হয়ে গেছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ওই বৃদ্ধার নামে ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু স্বাক্ষরিত একটি মৃত্যু সনদ দেওয়া হয়েছে। উপজেলার নূরুল্লাপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের দনি প্রামাণিকের মেয়ে ছখিনা বেগম ৮ জানুয়ারি ২০২২ সালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। সেই সনদ বয়স্ক ভাতা বন্ধের জন্য কার্যালয়ে দেওয়া হয়েছে।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বিধবা ওই বৃদ্ধা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার সুবিধা পেয়ে আসছিলেন। তাঁকে মৃত দেখিয়ে তাঁর বয়স্ক ভাতা বন্ধ করে অন্য একজনের নামে ভাতা করে দেওয়ার জন্য সমাজসেবা অফিসে আবেদন করা হয়। চেয়ারম্যানের দেওয়া মৃত্যু সনদের কারণে ওই বৃদ্ধার ভাতা সুবিধা বন্ধ হয়ে যায়।
ভুক্তভোগীর নাতি শিমুল হোসেন বলেন, ‘হঠাৎ আগস্ট মাস থেকে নানির মোবাইল ফোনে টাকা আসা বন্ধ হয়ে যায়। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গেলে তাঁরা ভাতা বন্ধের কারণ হিসেবে জানান–ঈশ্বরদী ইউপির চেয়ারম্যান আবদুল আজিজ মৃত উল্লেখ করে দরখাস্ত দিয়ে ভাতা বন্ধ করে দিয়েছেন। সেখানে কর্মকর্তারা বলেছেন, চেয়ারম্যান নতুন করে আবার জীবিত দেখিয়ে দরখাস্ত দিলে সমস্যার সমাধান হতে পারে।’
এ বিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, ‘ভুলবশত এটা হয়ে গেছে। ওই নারীর ভাতা পুনর্বহালের জন্য আবেদন করা হয়েছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোত্তালেব সরকার বলেন, ‘সুবিধাভোগীর মৃত্যুতে তাঁর কার্ড বাতিল করা হয়। ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান ছখিনা বেগমের মৃত্যুর সনদ জমা দেওয়ায় ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।’
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ভাতা বরাদ্দ কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী জানান, বিষয়টি তিনি শুনেছেন। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৮ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৩ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৫ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে