
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগে রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। অভিযোগ রয়েছে, বিভিন্ন পণ্য বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর কৌশলে সংগ্রহ করা ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাইসুল ইসলাম জুয়েল উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি কলোনি এলাকার মামুনুর রশিদের ছেলে।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, ফেসবুকে বিভিন্ন পেজে ‘গ্র্যান্ড পিয়ানো’ বিক্রির বিজ্ঞাপন দেন রাইসুল ইসলাম জুয়েল। ঢাকার এক ব্যক্তির সঙ্গে ৮০ হাজার টাকায় একটি গ্র্যান্ড পিয়ানো কেনার বিষয়ে তাঁর সমঝোতা হয়। একপর্যায়ে কৌশলে ওই ব্যক্তির বিকাশ ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করেন তিনি।
ওই ব্যক্তিকে গ্র্যান্ড পিয়ানো পাঠাতে বলার পর রাইসুল ইসলাম জুয়েল বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে হোয়াটসঅ্যাপ থেকে ওই ব্যক্তির ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। এরপর সেই ছবি তাঁকে পাঠিয়ে ৬০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী রাজধানীর ভাটারা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। পরে র্যাব-৫ অভিযান চালিয়ে রাইসুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করে।
র্যাব জানায়, রাইসুলের বিরুদ্ধে আরও কয়েকজনের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ রকম একজন মাদারীপুরের সুস্ময় চক্রবর্তী। তাঁর অভিযোগ, ২৭ কার্টন সাউন্ড বক্স কেনার জন্য তিনি রাইসুল ইসলাম জুয়েলকে ৩ লাখ ৭০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তাঁকে কোনো পণ্য দেওয়া হয়নি।
সুস্ময় চক্রবর্তী বলেন, ‘মাদারীপুর থানায় সাধারণ ডায়েরি এবং বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো কিছুই হয়নি। আমি টাকা বা পণ্য—কোনোটিই পাইনি।’
চট্টগ্রামের রুহি ইসলামও রাইসুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর দাবি, রাইসুলের কাছে মসলা জাতীয় পণ্য বিক্রি করলেও তিনি পণ্য ফেরত দেননি এবং এর মূল্যও পরিশোধ করেননি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘তাঁকে ভাটারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
১৮ মিনিট আগে
পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
২৭ মিনিট আগে
গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
৩২ মিনিট আগে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
৩৫ মিনিট আগে