Ajker Patrika

রাজধানীতে ম্যানহোলে কাজের সময় গাড়িচাপায় ওয়াসার কর্মী নিহত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীতে ম্যানহোলে কাজের সময় গাড়িচাপায় ওয়াসার কর্মী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে ম্যানহোলে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতের মো. শামীম (৪৭)।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের কাছাকাছি সেনপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শামীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।

কাফরুল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেনপাড়া এলাকায় শামীম সড়কের মাঝখানে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে কাজ করছিলেন। একপর্যায়ে ম্যানহোলের ভেতর থেকে মাথা বের করলে একটি গাড়ি তাঁকে চাপা দেয়। আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম। তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে দ্রুতই গাড়ি ও চালককে শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত