বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ, রায়পুরায় নানা কর্মসূচি

আজ রোববার (২৯ নভেম্বর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি সংরক্ষণে নরসিংদীর রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় নির্মাণ করা হয়েছে ‘বাংলার ঈগল’ স্মারক ভাস্কর্য। এ ছাড়া তাঁর নামে সড়ক ও গ্রামের নামকরণ করা হয়েছে। ২০০৮ সালে তাঁর নিজ গ্রাম রামনগরে, যা বর্তমানে বীরশ্রেষ্ঠ মতিউর নগর নামে পরিচিত, প্রতিষ্ঠা করা হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।
জন্মবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও স্থানীয়দের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মারক ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মাহফিল।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ভৈরবে এসে মুক্তিকামী যুবকদের সংগঠিত করেন। ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্তানের করাচির মাসরুর বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণার্থী পাইলট রশিদ মিনহাজের কাছ থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তাঞ্চলে আসার চেষ্টা করেন তিনি। তবে ভারত সীমান্ত থেকে প্রায় ৩৫ মাইল দূরে পাকিস্তানের থাট্টা এলাকায় বিমানটি বিধ্বস্ত হলে শহীদ হন মতিউর রহমান।
১৯৪১ সালের ২৯ নভেম্বর ঢাকার আগাসাদেক রোডে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। ঢাকার কলেজিয়েট স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। পরে তিনি পাকিস্তানের সারগোদা এয়ার ফোর্স পাবলিক স্কুলে ভর্তি হন। ১৯৬১ সালে যোগ দেন পাকিস্তান বিমানবাহিনীতে।
১৯৬৩ সালে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। পরবর্তী সময়ে করাচির মৌরিপুর (বর্তমান মাসরুর) বিমানঘাঁটির ২ নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একমাত্র বাঙালি পাইলট, যিনি ইরানের রানি ফারাহ দিবার সম্মানে আয়োজিত পেশোয়ারের বিমান মহড়ায় অংশগ্রহণ করেন।
শহীদ হওয়ার পর পাকিস্তান সরকার তাঁর মরদেহ করাচির মাসরুর বিমানঘাঁটির চতুর্থ শ্রেণির কবরস্থানে সমাহিত করে। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৬ সালের ২৪ জুন তাঁর দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরদিন ২৫ জুন রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে পুনরায় দাফন করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্বগাথা আজও সমগ্র জাতির কাছে গৌরব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে। দিবসটি পালনে উপজেলায় নানা কর্মসূচি রয়েছে।









