
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরু ক্রয়ের কথা বলে ডেকে নিয়ে এক খামারিকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁকে অপহরণ করে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয় অপহরণকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগী খামারি জুয়েল রানা শুভ গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে তিনি পুলিশ সুপার কার্যালয়েও অভিযোগ দেন।
অভিযুক্তদের মধ্যে অপহরণ চক্রের মূল হোতা সন্ত্রাসী ‘টাইগার মোমেন’-এর ছোট ভাই মো. সুমনসহ কয়েকজন জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে। এ সময় জুয়েলের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে বাম হাতের আঙুল ভেঙে ছবি পাঠানো হয় পরিবারের কাছে। একপর্যায়ে বিকাশ ও নগদের মাধ্যমে এক লাখ টাকা পাঠানো হয়।
অভিযোগে আরও বলা হয়, আরও সাড়ে ৪ লাখ টাকা মিন্টু রোডে ডিবি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্য কাঁচপুরের বাসিন্দা ওসমান গণির মাধ্যমে ডেমরা কোনাপাড়া এলাকায় এক ব্যক্তিকে দেওয়া হয়। পরে ভুক্তভোগী জুয়েলকে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী জুয়েল রানা বলেন, ‘আমি নেত্রকোনার একজন গরু খামারি। গরু ক্রয়ের কথা বলে খায়রুলের মাধ্যমে কাঁচপুর ডেকে নেওয়া হয় আমাকে। আমার পরিবারের কাছে টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমন ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে হাতের আঙুল ভাঙার ছবি দেখিয়ে বিকাশ ও নগদে এক লাখ টাকা নেয়। এ সময় তারা পরিবারের কাছে ডিবি পুলিশ পরিচয় দেয়।’
অভিযুক্ত সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘অপহরণের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
১৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
২৩ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৩৯ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১ ঘণ্টা আগে