Ajker Patrika

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
নিখোঁজের চার ঘণ্টা পর বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শিক্ষার্থীকে মৃত উদ্ধার করে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে নদীতে নামার পর স্রোতে তলিয়ে যাওয়া বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ হোসেন (১৫) ও এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কায়েস ভূঁইয়ার (১৩) মরদেহ চার ঘণ্টা পর বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।

নিহত মেরাজ হোসেন রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকার রাজু মিয়ার ছেলে। কায়েস ভূঁইয়া রাজধানীর ধনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে।

শিক্ষার্থীদের ভাষ্য, বুধবার দুপুর ২টায় রাজধানীর এ কে স্কুল অ্যান্ড কলেজের তিনজন এবং বর্ণমালা স্কুলের চারজন শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে একত্রিত হয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে। প্রথমে দুজন পানিতে তলিয়ে গেলে তাদের উদ্ধার করা হয়। পরে মেরাজ ও কায়েস পানিতে নামলে তারা নদীর স্রোতে তলিয়ে যায়।

ঘটনার পর খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের চার ঘণ্টা পর প্রথমে মেরাজ হোসেন এবং পরে কায়েস ভূঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনেরা জানান, স্কুল ফাঁকি দিয়ে তাদের না জানিয়ে মেঘনা নদীতে ঘুরতে এসেছিল শিক্ষার্থীরা। খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। স্বজনদের দাবি, শিক্ষার্থীদের কেউ সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, ‘খবর পেয়ে আমরা দুই শিক্ষার্থীর উদ্ধার অভিযান শুরু করি। পরে নিখোঁজের ৪ ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত