Ajker Patrika

৩ মাস ধরে ইন্টারনেট নেই ৮৩ বিদ্যালয়ে

  • শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ কার্যক্রমে স্থবিরতা
  • তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা
সুমন আলী, নওগাঁ
৩ মাস ধরে ইন্টারনেট নেই ৮৩ বিদ্যালয়ে
ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।

সাপাহার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুল্লাহ প্রামাণিক বলেন, বিভিন্ন স্কুল থেকে ইন্টারনেট সমস্যার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তাঁরা আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

শিক্ষক ও কর্মকর্তা সূত্রে জানা যায়, ‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)-১ম সংশোধিত’ প্রকল্পের আওতায় ২০২৫ সালের ১৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পটির লক্ষ্য ছিল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘এন্ড ইউজার কানেকটিভিটি’র মাধ্যমে উচ্চগতির (২০ এমবিপিএস) ইন্টারনেট নিশ্চিত করা। কিন্তু সংযোগ স্থাপনের পরও স্কুলগুলোতে তিন মাস ধরে ইন্টারনেট মিলছে না।

শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করে জানান, ইন্টারনেট সেবা চালুর পর দাপ্তরিক কাজের গতি অনেক বেড়েছিল। কিন্তু দীর্ঘ তিন মাস ধরে সংযোগ থাকলেও কোনো কাজ করা যাচ্ছে না। সরকারের এই গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রকল্পের সুফল মাঠপর্যায়ে নিশ্চিত করতে দ্রুত সার্ভারের ত্রুটি দূর করে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পুনর্বহাল করা জরুরি, অন্যথায় ব্যাহত হবে প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তর।

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, দাপ্তরিক অনেক কাজের জন্য ইন্টারনেট জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো কাজ না হওয়ায় স্থানীয় ইন্টারনেট সংযোগ নিয়ে দাপ্তরিক কাজ চালাতে হচ্ছে। দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলম বলেন, ‘সংযোগ পাওয়ার পর কাজের গতি বাড়লেও বর্তমান অচলাবস্থায় ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে প্রকল্পের সঙ্গে যুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিক্স আইসিটি লিমিটেডের ইঞ্জিনিয়ার শওকত হোসেন সুইট বলেন, ‘সার্ভারে সমস্যার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে। সমাধানের চেষ্টা চলছে। তবে তিন মাস ধরে সমস্যা চলছে, এমন দাবি সঠিক নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত