Ajker Patrika

মৃত্যুর আগে ফরহাদ বলেছেন, ‘পেট্রল ছিটায় একজন, আগুন দেয় আরেকজন’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২২
মৃত্যুর আগে ফরহাদ বলেছেন, ‘পেট্রল ছিটায় একজন, আগুন দেয় আরেকজন’
নিহত ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত ফরহাদ হোসেন মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় এক সবজি বিক্রেতা ছিলেন। এ ছাড়া বেকারদের কর্মসংস্থান দাবিতে আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি গত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে মধ্যহিস্যা এলাকার নিজ বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা পেছন থেকে ফরহাদ হোসেনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তিনি পাশে একটি জলাশয়ে লাফিয়ে পড়েন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।

নিহত যুবকের বাবা আব্দুস সাত্তার জানান, তাঁর ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসব নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ ছিল। তারা এই ঘটনা ঘটাতে পারে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ফরহাদ পুলিশের সঙ্গে কথা বলেছেন। আমরা তাঁর বক্তব্য রেকর্ড করেছি। ফরহাদ বলেছেন, তিনি বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে যেতেই পেছন থেকে একজন পেট্রল ছিটিয়ে দেয়। অপর একজন আগুন ধরিয়ে দেয়। তবে, ফরহাদ তাদের কাউকে চিনতে পারেননি বলেও জানিয়েছেন।’

ওসি আরও বলেন, কেন বা কী কারণে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত