ঘর ও জমি থাকা সত্ত্বেও খোলা আকাশের নিচে দুই শিশুসহ মা

গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী শাহজাহান। এর পরই বেরিয়ে আসে শ্বশুর বাড়ির স্বজনদের আসল রূপ। ননদ, ননাস ও তাঁদের সন্তানরা মিলে শুরু করেন নাদিরার ঘর দখলের পাঁয়তারা। সম্প্রতি তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনি পরিস্থিতিতে কোলের দুই সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন নাদিরা আক্তার (২৭)।
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে। স্বামীর পৈতৃক জায়গাজমি ও বসতঘর দখল, মারধর এবং হুমকির অভিযোগে নাদিরা আক্তার সম্প্রতি নান্দাইল মডেল থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের পর থেকে দুই শিশুসন্তানকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন।
অভিযুক্তরা হলেন আব্দুল আওয়াল (৪০), ফাতেমা আক্তার (২৭), সাহিদা আক্তার (২৯), আম্বিয়া বেগম (৫৯), সুফিয়া খাতুন (৫২), নাজমা আক্তার (৪৮) ও শাহানা আক্তার (৪০)। তাঁরা বাদীর ভাগ্নে, ননদ, ননাস ও ভাগ্নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাদিরার সঙ্গে শাহজাহানের বিয়ে হয় ৯ বছর আগে। দুই ও পাঁচ বছর বয়সী দুই সন্তানও রয়েছে তাঁদের ঘরে। ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় শাহজাহানের মৃত্যু হয়।
নাদিরার অভিযোগ, শাহজাহানের মৃত্যুর পর থেকে অভিযুক্তরা স্বামীর পৈতৃক সম্পত্তি ও সেমিপাকা ঘর দখলের চেষ্টা করে আসছিলেন। গত ৬ নভেম্বর সকাল ৭টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে তাঁর বসতবাড়িতে ঢুকে সীমানার গাছপালা কেটে ক্ষতি করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং জোর করে বসতঘর থেকে বের করে দিয়ে ঘরটি দখল করা হয়।
নাদিরার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে নাদিরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর থানায় অভিযোগ করেন নাদিরা। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘নাদিয়ার স্বামীর মৃত্যুর পর থেকে তাকে বিতাড়িত করতে শাহজাহানের বোন ও ভাগ্নিরা অত্যাচার-নির্যাতন করছে। আমরা অনেক সালিস-দরবার করেছি, তারপরও সমাধান করতে পারিনি।’
তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা কারও ঘর দখল করেননি। তাঁদের নিজেদের ঘরেই তাঁরা আছেন।
নাদিরা আক্তার বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকে অভিযুক্তরা আমার স্বামীর পৈতৃক সম্পত্তি ও ঘর দখলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায়। একপর্যায়ে আমার স্বামীর ঘর দখল করে আমাকে দুই সন্তানসহ বের করে দিয়েছে। আমি আমার স্বামীর ঘরে থাকতে চাই।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’









