Ajker Patrika

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

মৌলভীবাজার প্রতিনিধি
বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর
যৌতুক না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হননি বর। থানায় কনের অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: সংগৃহীত

বিয়ের দিনক্ষণ ঠিক, আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িতে রান্নাবান্নাসহ অতিথি আপ্যায়নের সব আয়োজনও শেষ। কনেও বধূ সাজে অপেক্ষায় ছিলেন। কিন্তু নির্ধারিত দিনে বিয়ের আসরে হাজির হননি বর। অভিযোগ, মোটরসাইকেল ক্রয়ের জন্য আরও দেড় লাখ টাকা যৌতুক না দিলে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন বরপক্ষের লোকজন।

গত শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে।

অভিযোগ সূত্রে জানা যায়, কনে ওমানে থাকাকালে উপজেলার জালালপুর এলাকার আবাছ আলীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময়ে আবাছ আলীকে সাড়ে তিন লাখ টাকা দেন বলে অভিযোগ করেছেন ওই কনে। প্রায় এক মাস আগে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে গতকাল বিয়ের দিন ধার্য হয়।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের আগে বরপক্ষ একটি মোটরসাইকেল দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কনের বাড়িতে মোটরসাইকেল ক্রয়ের জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়।

কনের অভিযোগ, বিয়ের দাওয়াত পেয়ে আত্মীয়স্বজন ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য রান্নাবান্না ও অন্যান্য আয়োজনে প্রায় দুই লাখ টাকা খরচ হয়। কিন্তু ওই দিন দুপুর পর্যন্ত বরপক্ষের কেউ না আসায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন মোটরসাইকেল ক্রয়ের জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

কনের ভাই বলেন, ‘আমার বোনকে বিয়ের দিন বধূ সাজানো হয়েছিল। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন। কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসেনি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, ‘আমরা এক টাকাও যৌতুক নিইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছে। আমার ভাই ও ওই মেয়ে একসঙ্গে প্রবাসে ছিলেন। সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানা সত্ত্বেও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তাঁরা সমাধান করতে না পারলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত