শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ভিডিওতে তিন যুবক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। তবে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী বলেন, রাতে দুর্বৃত্তরা শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় গাড়ির টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে তিন যুবককে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার বারান্দায় পেট্রলবোমা নিক্ষেপ এবং টায়ারে আগুন দিতে দেখা যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।









