বৃষ্টিতে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা

মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাহত হচ্ছে আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। পাকা ধান কাটতে না পারার পাশাপাশি আগে কেটে রাখা ধানও মাড়াই ও শুকাতে পারছেন না কৃষকেরা। এতে বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার কৃষকেরা।
কৃষকেরা জানান, কয়েক দিন ধরেই আকাশ মেঘলা ছিল। গত বুধবার রাত থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে পাকা ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। যাঁরা ইতিমধ্যে ধান কেটেছেন, তাঁরাও পড়েছেন বিপাকে। বৃষ্টির কারণে ধান মাড়াই ও শুকানো যাচ্ছে না। অগ্রহায়ণ মাসে হঠাৎ এমন বৃষ্টিতে তাঁদের ভোগান্তি বেড়েছে।
কৃষক সুহান মিয়া বলেন, ‘আমন ধান পুরোপুরি পেকে গেছে। গত এক সপ্তাহ ধরে ধান কেটেছি। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান মাড়াই করতে পারছি না, শুকানোও যাচ্ছে না। কাজের লোক এনেছি। কাজ না হলেও তাঁদের বসিয়ে রেখে মজুরি দিতে হচ্ছে।’
সরেজমিনে জেলার কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, অনেক কৃষক ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টির কারণে সেগুলো মাড়াই করতে পারছেন না। কেউ কেউ কাটা ধান স্তূপ করে সড়কের পাশে ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন। আবার অনেক কৃষক জমিতে থাকা পাকা ধান কাটতে পারছেন না।
রাজনগর উপজেলার কৃষক মিজান আহমেদ বলেন, ‘প্রায় এক একর জমির ধান কেটেছি। কিন্তু সেগুলো মাড়াই করতে পারছি না। যেগুলো মাড়াই করেছি, সেগুলোও শুকাতে পারছি না। মাঠে আরও দুই একর জমির ধান কাটা বাকি। সব মিলিয়ে হঠাৎ বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেছে।’
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত মৌলভীবাজারে ৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় এক লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমন ধান পেকে যাওয়ায় কৃষকেরা ধান কাটা শুরু করেছেন।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে আমন ধানের কোনো ক্ষতি হবে না। বরং বৃষ্টির কারণে অনেক সবজিখেত উপকৃত হয়েছে। কৃষকেরা আমন ধান কাটা শুরু করেছেন। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে সব ধান কাটা শেষ হবে।









