Ajker Patrika

কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি

মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি
রাস উৎসবের অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য। ফাইল ছবি

ঐতিহ্য, ভক্তি আর বর্ণিল সংস্কৃতির মেলবন্ধনে মৌলভীবাজারের কমলগঞ্জে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘মহারাসলীলা’। কার্তিকের পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে ঘিরে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে মণিপুরী পল্লিগুলোতে এখন সাজ সাজ রব। মৃদঙ্গ আর মন্দিরার ছন্দময় ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো।

মাধবপুর ও আদমপুরে পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। নিরাপত্তায় প্রশাসনও ব্যবস্থা নিয়েছে। শত বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো দর্শনার্থীর মিলনমেলা হয়ে উঠবে পুরো এলাকা।

মাধবপুরের ঐতিহ্যবাহী জোড়া মণ্ডপে এবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮৪তম আসর বসবে। আর আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, ‘আমাদের ১৮৪তম আসরের সব প্রস্তুতি শেষ হয়েছে। দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে উৎসবস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে এই ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত