শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সমন্বয়ে উপজেলার ভৈরব বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মহাদেব খই ভান্ডারে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ বিভিন্ন কারণে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই বাজারে দুধালয় মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান। এ সময় দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









