
মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে এনসিপির মৌলভীবাজার জেলা শাখার জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন, রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদের নেতৃত্বে দলের কয়েকজন নেতা-কর্মী গলায় ছুরি ধরে তাঁকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যান। এ সময় তাঁকে এহসান জাকারিয়ার সঙ্গে বিরোধে জড়ালে হত্যা করে গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাঁকে নামিয়ে দিয়ে তাঁরা চলে যান।
আব্দুল্লাহ আল হোসাইন দাবি করেন, কুলাউড়ায় কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে।
জানা যায়, ২৬ জুন সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর কুলাউড়ার উদ্দেশে রওনা হওয়ার সময় জেলা এনসিপির সদস্যসচিব রুহুল আমিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার সঙ্গে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির কয়েকজন নেতা-কর্মীর মধ্যে আমন্ত্রণ, কর্মসূচি ব্যবস্থাপনা ও কেন্দ্রীয় নেতাদের গাড়িতে অবস্থানকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়।
কুলাউড়ার কর্মসূচি চলাকালীনও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে কর্মসূচি শেষে মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে এহসান জাকারিয়ার সঙ্গে আব্দুল্লাহ আল হোসাইনের আরেক দফা বাগ্বিতণ্ডা হয়।
অভিযোগ অনুযায়ী, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের কোদালিপুর এলাকার জাম্বু মিয়ার গ্যারেজের পেছন থেকে আব্দুল্লাহ আল হোসাইনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেওয়া হয়। পরে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাঁকে নামিয়ে দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে। এতে দলের নিজস্ব নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি পরিকল্পিত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।’
এদিকে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন এবং যুগ্ম সদস্যসচিব কামরুল হাসানকে দলের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। পত্রে বলা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া কেন তাঁদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৮টা ২০ মিনিটে মেলার ভেতরে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক ও বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার শর্শদি রেলগেট ও শহরের নাজির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
১ ঘণ্টা আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
২ ঘণ্টা আগে