
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। স্থানীয়দের অভিযোগ, দিনে-রাতে মিলিয়ে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে যেমন সেচ দিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সেচপাম্পের মালিকেরা, তেমনি চাষিরাও পড়েছেন চরম দুর্ভোগে। পাশাপাশি ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
লোডশেডিংয়ের কারণে কাজ করতে পারছেন না ইলেকট্রিশিয়ান, সাইকেল মেকানিকসহ বিভিন্ন পেশার দোকানিরা। এতে তাঁদের আয় কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পরিবার চালানো এবং সন্তানের পড়ালেখা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন অনেকে।
দিন ও রাতের বিভিন্ন সময়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। চলমান এসএসসি পরীক্ষার সময় নিয়মিত বিদ্যুৎ না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছে পরীক্ষার্থীরা। সারা দিন পরিশ্রমের পর রাতে একটু স্বস্তিতে ঘুমানোর সুযোগও পাচ্ছেন না অনেকেই। এতে দিনমজুর, দোকানি, পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দিনে-রাতে যেভাবে বিদ্যুৎ আসা-যাওয়া করছে, তা অকল্পনীয়। এভাবে চলতে থাকলে ভোগান্তি আরও বাড়বে। শিক্ষার্থীদের পড়ালেখাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো ঘুমানোও যায় না।
করমদী গ্রামের বাসিন্দা তুহিন আলী বলেন, ‘গ্রামে এত বেশি লোডশেডিং হচ্ছে যে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে-রাতে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে কৃষক ও শিক্ষার্থীরা চরম সমস্যায় পড়েছে।’
এসএসসি পরীক্ষার্থী মেহসানুল হক বলেন, ‘বিদ্যুৎ না থাকলে এই গরমে পড়াশোনা করা খুবই কষ্টকর। পরীক্ষার সময় এত লোডশেডিং হবে, তা কল্পনাও করিনি। এতে আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে।’
ছাতিয়ান গ্রামের মাসুম পারভেজ বলেন, ‘২৪ ঘণ্টায় প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জমিতে সেচও ঠিকমতো দিতে পারছি না।’
ইলেকট্রিশিয়ান সুজাউদ্দিন বলেন, ‘একটি বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ না থাকায় কাজ শেষ করতে পারিনি। আমার অধীনে দু-তিনজন কাজ করে। এভাবে লোডশেডিং হলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।’
টাইলস মিস্ত্রি আলমগীর হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিং হলে আমাদের আয় কমে যায়। গতকাল সারা দিনে ঠিকভাবে তিন ঘণ্টাও বিদ্যুৎ পাইনি।’
তেরাইল মাঠের সেচপাম্পের মালিক জাকির হোসেন বলেন, ‘এখন ধানের মৌসুম। কিন্তু ঠিকমতো বিদ্যুৎ না পাওয়ায় জমিতে সেচ দিতে পারছি না। এতে ধানসহ পাট, মরিচসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।’
স্থানীয় বাসিন্দা মাহবুব তানিম বলেন, ‘এই গরমে ছোট বাচ্চা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। তীব্র লোডশেডিংয়ের কারণে বাচ্চা ঠিকমতো ঘুমাতে পারছে না।’
বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) সৌমিক নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ১২ মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি মাত্র সাড়ে ৪ মেগাওয়াট। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩ ঘণ্টা লোডশেডিং হয়েছে।’
গাংনী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের এলাকায় প্রয়োজন প্রায় ১২ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি মাত্র ৪ মেগাওয়াট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে।’

মানিকগঞ্জের সিঙ্গাইরে রেহানা (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম এলাকার একটি বাঁশঝাড়ে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
যাতায়াতে ভোগান্তি বলে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকেরা চরের বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য যেতে চান না। চরে না থেকে তাঁরা থাকেন জেলা শহরে। অনেক শিক্ষক আবার বিদ্যালয়ে না গিয়ে বদল (প্রক্সি) শিক্ষক দিয়ে দায়িত্ব পালন করেন।
৪২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। বুধবার দিবাগত গভীর রাতে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এই অভিযান চালায় র্যাব-১০।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে