Ajker Patrika

গাংনীর দুই গ্রামে শিয়ালের আক্রমণ, নারী-পুরুষসহ আহত ৮

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২১: ১৩
গাংনীর দুই গ্রামে শিয়ালের আক্রমণ, নারী-পুরুষসহ আহত ৮
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে শিয়ালের আক্রমণে নারী-পুরুষসহ আটজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার হিন্দা ও মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন—আমিরন খাতুন (৫০), জেরিন আক্তার (১৬), নুর মোহাম্মদ (১৮), বাসিরন (৭৫), শিউলি খাতুন (৪৮), জাফর আহাম্মদ (৫২) ও আব্দুল খালেক (৪৫)। এ ছাড়া আরেকজন আহত হয়েছেন। তবে তাঁর নাম জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি শিয়াল মাঠ থেকে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর বিভিন্ন বাড়িতে গিয়ে নারী-পুরুষকে কামড়াতে থাকে। এতে দুই গ্রামের আটজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের ভ্যাকসিন দেন।

আহত নুর মোহাম্মদ জানান, তাঁরা বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে তাঁদের কামড়াতে শুরু করে। একে একে গ্রামের ছয়জনকে কামড় দেয় শিয়ালটি।

শিয়ালের কামড়ে আহত শিউলি খাতুন বলেন, হঠাৎ একটি শিয়াল বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। একজনকে কুষ্টিয়ায় নেওয়া হয়েছে।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রেশমা খাতুন বলেন, শিয়ালের আক্রমণে আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কাথুলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কাবের আলী বলেন, একই শিয়াল দুই গ্রামের মানুষকে কামড়েছে। পরে স্থানীয় লোকজন শিয়ালটিকে মেরে ফেলেছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাসুদুর রহমান বলেন, ‘শিয়ালের কামড়ে আহত আটজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাঁচজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত