Ajker Patrika

মানিকগঞ্জে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
মানিকগঞ্জে দালাল চক্রের ১২ সদস্য আটক, ৩ দিনের কারাদণ্ড
র‍্যাবের অভিযানে আটক হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের ১২ সদস্য। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব-৪। অভিযানে চক্রটির ১২ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় র‍্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে আটজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। দীর্ঘদিন ধরে এই চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করতেন। হাসপাতালের গেটে বা আশপাশে অবস্থান নিয়ে তাঁরা রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতেন। পরে ভুল তথ্য দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না নেওয়ার জন্য প্রলুব্ধ করতেন।

এরপর কৌশলে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেতেন। সেখানে নেওয়ার বিনিময়ে তাঁরা ওই ক্লিনিকগুলো থেকে কমিশন পেতেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে রোগীরা প্রয়োজনীয় সঠিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার বলেন, দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত