
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উল্টো পথে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে মারা গেছে।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো সোনিয়া আক্তার (২৬) ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সোনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে। তিনি মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় আইল্যান্ডের উত্তর পাশ দিয়ে মোটরসাইকেলটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে উল্টো পথে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সোনিয়া ও তাঁর কোলে থাকা শিশু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাঁর ১০ মাসের মেয়ে জান্নাতও।
নিহত সোনিয়ার স্বামী আবুল হোসেন জানান, সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি। স্ত্রীর মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় আজ সকালে পরিবার নিয়ে মোটরসাইকেলে টাঙ্গাইলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। টেপড়া এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা বাসটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাঁর অভিযোগ, বাসটি উল্টো পথে না এলে স্ত্রী-মেয়েকে হারাতে হতো না। তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-২০০১) উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাম্মি বলেন, সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ১০ মাসের শিশুটি তখন জীবিত ছিল। চিকিৎসার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের কারণে নিয়োগ থেকে বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। শনিবার বিকেল থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
৫ মিনিট আগে
কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। আজ শনিবার বিসিক শিল্পনগরীতে পরিচালিত অভিযানে এম এম খান ফুডসকে ৪ লাখ, এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩ লাখ এবং আজহার ফুড প্রোডাক্টস...
৭ মিনিট আগে
ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনটি যশোরের দিকে যাচ্ছিল। ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে রেলক্রসিংয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
১১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ২৬ ঘণ্টা পর লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
১২ মিনিট আগে