দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

মানিকগঞ্জের দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখা ভবনের পূর্ব পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীর সতর্কতা ও শাখা ব্যবস্থাপকের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে ব্যাংকের সম্পদ। এতে কোনো আর্থিক বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।
গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ব্যাংক ভবনের পূর্ব পাশে আগুন দেখতে পান নিরাপত্তাকর্মী মো. কুদ্দুস মিয়া। তিনি দ্রুত দ্বিতীয় তলায় অবস্থানরত (একই ভবনের ২য় তলায় ভাড়া থাকেন) শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলমকে খবর দেন। পরে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।
নিরাপত্তাকর্মী কুদ্দুস মিয়া বলেন, ঘটনার সময় আমি ব্যাংকের নিচতলায় দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ ভবনের পূর্ব পাশে আগুন দেখতে পেয়ে দ্রুত ম্যানেজার স্যারকে ডেকে তুলি। পরে দুজনে মিলে আগুন নিভিয়ে ফেলি।
ব্যাংক সূত্রে জানা গেছে, দৈনন্দিন কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের দরজা-জানালা বন্ধ করে চলে যান। এ সময় শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলম ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। অন্যদিকে নিরাপত্তাকর্মী নিচতলায় দায়িত্ব পালন করছিলেন।
শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলম বলেন, ব্যাংক ভবনের পূর্ব পাশে কোনো বৈদ্যুতিক সংযোগ, যন্ত্রপাতি বা অন্য কোনো স্থাপনা ছিল না। ফলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় আপাতত মামলা করা হয়নি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ আমাদের অবগত করেননি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।









