হেমন্তের বৃষ্টিতে মানিকগঞ্জে অর্ধশত ইটভাটার কাঁচা ইট নষ্ট, ফসলহানির আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে হেমন্তেও টানা বৃষ্টি দেখছে দেশ। তিনদিনের বৃষ্টিতে কোথাও কৃষকের ফসল নষ্ট, কোথাও জেলের শুঁটকি মাছ নষ্ট আবার কোথাও কাজ করতে না পেরে দিনমজুরের রোজগার নষ্ট। ঢাকার মানিকগঞ্জে বৃষ্টতে ইটশিল্পে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার অন্তত অর্ধশত ইটভাটার কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী, জোকা ও পুখুরিয়া এবং সদর উপজেলার ভাটবাউর এলাকার পাঁচটি ইটভাটা ঘুরে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে। বৃষ্টির পানিতে অনেক ইট গলে কাদায় পরিণত হয়েছে। কোথাও কোথাও ইটের স্তূপ ধসে পড়েছে।
সদর উপজেলার ভাটবাউর এলাকার ইটভাটার মালিক আব্দুল মালেক বলেন, ‘বৃষ্টির আশঙ্কায় শুকনো কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলেন। কিন্তু বুধবার থেকে টানা বৃষ্টি ও বাতাসে পলিথিন উড়ে যাওয়ায় ইটগুলো ভিজে গলে গেছে।’
জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল আলম বলেন, জেলায় প্রায় ৮০টি ইটভাটা রয়েছে। মৌসুমের শুরুতেই বৃষ্টিতে অর্ধশতাধিক ভাটার কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে চুল্লির আগুন ঠিক রাখতে অতিরিক্ত কয়লা পোড়াতে হচ্ছে। শ্রমিকেরাও নিয়মিত কাজ করতে পারছেন না।
ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা, আলু, পেঁয়াজ, ভুট্টা ও সবজিখেতে পানি জমেছে। অনেক কৃষক খেত থেকে পানি সরাতে ব্যস্ত সময় পার করছেন।
ঘিওরের রাথুরা গ্রামের কৃষক কবির খান বলেন, টানা বৃষ্টি ও বাতাসে তাঁর সরিষাখেতের গাছ নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় গাছ ও ফুলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, বৃষ্টি অব্যাহত থাকলে কৃষি ও ইটশিল্পে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ বলেন, ‘টানা বৃষ্টিতে রবি মৌসুমের বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যেসব জমিতে পানি জমেছে, সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কৃষকদের খেতের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ নিতে হবে। বৃষ্টি থামার পর ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হবে।’
বৃষ্টিতে সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি বেড়েছে। বিশেষ করে ঘিওর, দৌলতপুরসহ বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ কাঁচা রাস্তা কাদা ও পানিতে পিচ্ছিল হয়ে পড়েছে।
একটি ওষুধ কোম্পানিতে চাকরিরত মোনোয়ার হোসেন বলেন, বৃষ্টির কারণে কাজে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচা সড়কে কাদা জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে।









