Ajker Patrika

নতুন ধানের গাঁওয়ালি শিরনিতে সম্প্রীতি, মানিকগঞ্জের শতবর্ষী রীতি

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮: ২৯
নতুন ধানের গাঁওয়ালি শিরনিতে সম্প্রীতি, মানিকগঞ্জের শতবর্ষী রীতি
নতুন ধানের শিরনিতে সম্প্রীতির উৎসব পুরো এলাকাজুড়ে। ছবি: আজকের পত্রিকা

বিশাল ডেগচিতে জ্বাল দেওয়া হচ্ছে দুধ। তাতে একে একে মেশানো হচ্ছে নতুন ধানের চাল ও চিনি। রান্নার আয়োজনে ব্যস্ত গ্রামের মানুষ। কেউ এনেছেন চাল, কেউ দুধ, আবার কেউ দিয়েছেন সামর্থ্য অনুযায়ী অর্থ। রান্না শেষে সেই শিরনি ভাগ করে খাবেন আশপাশের কয়েক গ্রামের মানুষ। কারও কাছে এটি রোগমুক্তির মানত, কারও কাছে পরিবারের মঙ্গল কামনা, আবার কারও কাছে পূর্বপুরুষের স্মৃতি ও শেকড়ের টান। নতুন ধান ঘরে তোলার মৌসুমে গ্রামবাংলার এ আয়োজনের নাম গাঁওয়ালি শিরনি।

আজ রোববার (৩০ কার্তিক) থেকে মানিকগঞ্জে অন্তত শতাধিক স্থানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ আয়োজন। চলবে অগ্রহায়ণ মাসজুড়ে। শতবর্ষের এই লোকজ রীতি আজও টিকে আছে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও সম্মিলিত অংশগ্রহণে।

নতুন ধান ঘরে তোলার পর অগ্রহায়ণের শুরুতে জেলার বিভিন্ন এলাকায় বসে গাঁওয়ালি শিরনির আসর। পশ্চিম সেওতা, ঘিওরের নালী ইউনিয়নের কুন্দুরিয়া, বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া ও পেঁচারকান্দা, বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা ও গোয়ালডাঙ্গী, বড়টিয়া, সিংজুরী ও পয়লাসহ হরিরামপুর, ঝিটকা, সুরুপাই, ইন্তাজগঞ্জ, আরিচা, যমদুয়ারা, তেওতা, জাফরগঞ্জ, ঘিওর সদর, দৌলতপুর, বাঘুটিয়া, ধামশ্বর, তুলন্ড, সাটুরিয়া, জান্না, সিংগাইর, চারীগ্রাম, সাহরাইল, জামশা এবং মানিকগঞ্জ সদরের মকিমপুর, বারাহিরচর ও গড়পাড়াসহ শতাধিক স্থানে এ শিরনির প্রচলন রয়েছে। পশ্চিম সেওতা ও কুন্দুরিয়ায় প্রায় দেড়শ বছর ধরে এ আয়োজন হয়ে আসছে। অন্যদিকে কাউটিয়া গ্রামে প্রায় দুইশ বছরের পুরোনো বটগাছের নিচে বসে ‘বটতলার গাঁওয়ালা শিরনি’র আসর। স্থানীয়ভাবে এটি ‘গাঁওয়াইল্যা শিন্নি’ কিংবা ‘খোদার শিন্নি’ নামেও পরিচিত।

নতুন ধানের শিরনিতে সম্প্রীতির উৎসব এলাকাজুড়ে। ছবি: আজকের পত্রিকা
নতুন ধানের শিরনিতে সম্প্রীতির উৎসব এলাকাজুড়ে। ছবি: আজকের পত্রিকা

আয়োজনের প্রস্তুতি শুরু হয় আগের দিন থেকেই। সংগ্রহ করা হয় চাল, দুধ ও অর্থ। নতুন ধানের চাল, চিনি ও গাভির দুধ দিয়ে তৈরি হয় শিরনি। কোনো কোনো এলাকায় ব্যবহার করা হয় খেজুরের রসও। গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে রান্না করেন। সন্ধ্যায় দোয়া ও মোনাজাতের পর আশপাশের গ্রামের মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হয়। কোথাও কয়েক রাত ধরে চলে জিকির-আজকার, আবার কোথাও শিরনি বিতরণের পর বসে বাউল ও গাজীর গানের আসর।

কুন্দুরিয়া গ্রামের আয়োজক মো. সিরাজুল ইসলাম জানান, প্রায় দেড়শ বছর আগে এলাকায় ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল বলে পূর্বপুরুষদের কাছে শুনেছেন তাঁরা। অনেক মানুষের মৃত্যুর পর এক ফকিরের পরামর্শে শিরনির আয়োজন শুরু হয়। সেই থেকে প্রতিবছর নির্দিষ্ট দিনে এ আয়োজন চলে আসছে। তাঁর মতে, এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, গ্রামের মানুষের দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্যও, যা ক্রমে এলাকাবাসীর এক মিলনমেলায় পরিণত হয়েছে।

কাউটিয়া গ্রামের অংশগ্রহণকারী রিজিয়া খাতুন বলেন, ‘এই আয়োজনের সঙ্গে আমাদের পরিবারের বিশ্বাস ও আবেগ জড়িয়ে আছে। ছোটবেলা থেকেই এমন আয়োজন দেখে আসছি। নতুন প্রজন্মও যেন এই ঐতিহ্য ধরে রাখে, সেটাই চাই।’

বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ‘গাঁওয়ালি শিরনি আমাদের এলাকার দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরা এবং এর ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন।’

মানিকগঞ্জ-২

শিরনি উৎসবের সঙ্গে কোথাও কোথাও যুক্ত হয়েছে গ্রামীণ লোকসংগীত। গাজীর গানের শিল্পী আওলাত গায়েন বলেন, ‘গ্রামবাংলার সামাজিক ও ধর্মীয় আয়োজনের সঙ্গে লোকসংগীতের গভীর সম্পর্ক রয়েছে। শিরনি উৎসবে গাজীর গান পরিবেশন করতে পারা আমাদের জন্য আনন্দের। এসব আয়োজন টিকে থাকলে লোকসংগীত ও সংস্কৃতির চর্চাও বেঁচে থাকবে।’

লোকসংস্কৃতি গবেষক ও প্রাকৃতিক কৃষি কেন্দ্রের পরিচালক দেলোয়ার জাহান বলেন, ‘গাঁওয়ালি শিরনির ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এর সঙ্গে কৃষিনির্ভর জীবনব্যবস্থা, লোকবিশ্বাস, ধর্মীয় আচার ও গ্রামীণ সমাজের পারস্পরিক সহযোগিতার ইতিহাস জড়িয়ে আছে। নতুন ফসল ঘরে ওঠার আনন্দে মানুষ নিজেদের উৎপাদিত শস্য ও উপকরণ ভাগাভাগি করেন। এর মধ্য দিয়ে কৃষিভিত্তিক সমাজের জীবনধারা ও সাংস্কৃতিক পরিচয় প্রকাশ পায়। তাই এ ঐতিহ্য সংরক্ষণে এর ইতিহাস তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি।’

নতুন ধানের শিরনিতে সম্প্রীতির উৎসব এলাকাজুড়ে। ছবি: আজকের পত্রিকা
নতুন ধানের শিরনিতে সম্প্রীতির উৎসব এলাকাজুড়ে। ছবি: আজকের পত্রিকা

সময়ের সঙ্গে বদলেছে গ্রামীণ জীবনযাত্রা, রান্নার উপকরণ ও আয়োজনের ধরন। তবে গাঁওয়ালি শিরনিকে ঘিরে মানুষের আবেগ ও অংশগ্রহণে ভাটা পড়েনি। একটি ডেগের শিরনি ভাগ হয়ে যায় বহু মানুষের মধ্যে। সেই ভাগাভাগির মধ্য দিয়ে তৈরি হচ্ছে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। পুরোনো বটগাছের ছায়ায় কিংবা গ্রামের উঠানে নানা বয়সী মানুষ যখন একসঙ্গে শিরনি খান, তখন সেখানে শুধু খাবারের আয়োজন হয় না, ঘটে মানুষের মিলন। নতুন ধানের ঘ্রাণ, সম্মিলিত অংশগ্রহণ ও পূর্বপুরুষের স্মৃতি বুকে নিয়ে গাঁওয়ালি শিরনি তাই কেবল একটি উৎসব নয়, এটি মানিকগঞ্জের গ্রামীণ জনপদের ইতিহাস, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা প্রজন্মান্তরের এক জীবন্ত ঐতিহ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত