Ajker Patrika

কালীগঙ্গা নদীর মাটি কাটায় বাধা, সংঘর্ষে আহত ৭

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৩
কালীগঙ্গা নদীর মাটি কাটায় বাধা, সংঘর্ষে আহত ৭
সংঘর্ষে আহত স্থানীয়দের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে কালীগঙ্গা নদীর মাটি কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে পূর্ব কোশুন্ডা গ্রামের সড়কঘাটা (আশাপুর) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রলার ও বাল্কহেড নিয়ে একটি দল কালীগঙ্গা নদীর ওই অংশ থেকে মাটি কাটতে আসে। দলে সাবেক যুবদল নেতা আল আমিন, সাবেক ছাত্রদল নেতা সম্রাট, লোকমান, বিএনপি নেতা আখতার মেম্বার, হযরত, বর্তমান ইউপি সদস্য গুলজার, মানিকসহ আরও ২০ থেকে ২৫ জন ছিলেন।

নদী থেকে মাটি কাটার কারণে পাশের ফসলি জমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এ কারণে তাঁরা বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি হয়, পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন পূর্ব কোশুন্ডা গ্রামের আব্দুল মান্নান (৫০), কাশেম (৪৪), নান্নু (৪২), আব্দুল্লাহ, জাহিদ (২২), পলাশ (১৮) ও রফিক। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক যুবদল নেতা আল আমিন বলেন, ‘নদী থেকে মাটি কাটা হয়নি, সবে নৌকা ভিড়েছিল। নিজেদের জায়গায় মাটি ভরাটের জন্য মাটি আনার ব্যবস্থা করা হয়েছিল। এ সময় স্থানীয় কয়েকজন নৌকার মাঝি ও লোকজনকে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন। পরে আমরা ঘটনাস্থলে গেলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তবে কাউকে মারধর করা হয়নি।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সন্ধ্যায় থানায় অভিযোগ করা হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত