Ajker Patrika

জেমসের সঙ্গে এক মঞ্চে পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ড

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জেমসের সঙ্গে এক মঞ্চে পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ড

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট। ‘রেডমি নোট সেভেনটিন সিরিজ প্রেজেন্টস এমএএইচএক্স (ম্যাক্স) রিপাবলিক’ শীর্ষক কনসার্টে এই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে এক মঞ্চে গাইবেন নগর বাউল জেমস। যৌথভাবে এটি আয়োজন করছে টিকিফাই ও ম্যাক্স রিপাবলিক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর রাজধানীর ৩০০ ফুটসংলগ্ন পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে কনসার্টটি। বেলা ২টা থেকে শুরু হবে মূল আয়োজন। এই সপ্তাহ থেকেই টিকিফাইয়ের ওয়েবসাইটে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। আয়োজকেরা আরও জানান, আলী আজমত, মুস্তাফা জাহিদ, জাল ব্যান্ড ও জেমসের পাশাপাশি বাংলাদেশের লেভেল ফাইভ ও নেমেসিস ব্যান্ডের সঙ্গেও আলোচনা চলছে। লাইনআপ চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জুনুন ব্যান্ডের হয়ে আগে দুবার বাংলাদেশে পারফর্ম করলেও একক শিল্পী হিসেবে ঢাকায় এটিই হতে যাচ্ছে আলী আজমতের প্রথম কনসার্ট। গত বছরের মে ও নভেম্বরে তাঁর ঢাকায় গান শোনানোর কথা থাকলেও শেষ পর্যন্ত দুটি কনসার্টই বাতিল হয়ে যায়। নভেম্বরের কনসার্টের জন্য ঢাকাতেও এসে পৌঁছেছিলেন তিনি।

একই অভিজ্ঞতা হয়েছিল মুস্তাফা জাহিদের। গত বছরের এপ্রিলে ঢাকায় এসেও শেষ পর্যন্ত গান না শুনিয়ে ফিরে যেতে হয়েছিল তাঁকে। বিষয়টি নিয়ে তখন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন এই গায়ক। অন্যদিকে গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় জাল ব্যান্ডের কনসার্টটি আয়োজনের এক দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্থগিত করা হয়।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছিল জাল। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শীর্ষক কনসার্টটি বৃষ্টির কারণে নির্ধারিত দিনে স্থগিত হয়। পরদিন যমুনা ফিউচার পার্কে শো শুরু হলেও দর্শকের বিশৃঙ্খলায় মাঝপথে তা বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে প্রায় দেড় ঘণ্টা পর পুনরায় শুরু হয় সেই কনসার্ট।

এদিকে প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে কনসার্ট করেছেন নগর বাউল জেমস। সেখানে তাঁর সঙ্গে একই মঞ্চে গেয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের প্রধান রূপম ইসলাম। ১৯ সেপ্টেম্বর মেলবোর্নে গান গাওয়ার কথা রয়েছে জেমসের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত