Ajker Patrika

মধ্যরাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মধ্যরাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন
শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়: ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভুইয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাসটি কয়েক দিন ধরে ওই স্থানে পার্কিং করা ছিল। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাসটির মালিক গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। বাসটি ঢাকা-মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। মালিক অসুস্থ থাকায় যান্ত্রিক ত্রুটির কারণে তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে এনে বাড়ির সামনে রাখা হয়েছিল। শনিবার চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। প্রথমে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার খবর শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বাসটি জ্বলতে দেখেন। পরে এলাকাবাসী একত্র হয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলমান পরিস্থিতিতে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা করা হবে। তিনি আরও বলেন, জেলাজুড়ে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত