Ajker Patrika

হত্যা মামলা প্রত্যাহার নিয়ে সংঘর্ষে বাক্প্রতিবন্ধী যুবক নিহত, আহত ২০

­মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৪
হত্যা মামলা প্রত্যাহার নিয়ে সংঘর্ষে বাক্প্রতিবন্ধী যুবক নিহত, আহত ২০
নিহত সুলতান মোল্যা। ছবি: সংগৃহীত

মাগুরার শালিখায় একটি হত্যা মামলা প্রত্যাহারে চাপ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার দুপুরে উপজেলার সিংড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত সুলতান মোল্যাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে উপজেলার বলাই নাঘোসা গ্রামে সুলতান মোল্যার চাচা ইকতার মোল্যা হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ওই হত্যা মামলার রায় আগামী ১ অক্টোবর ঘোষণার দিন ধার্য রয়েছে।

অভিযোগ উঠেছে, গতকাল সোমবার দুপুরে মামলাটি কেন্দ্র করে বলাই নাঘোসা গ্রামের ইউপি সদস্য মো. শামসু ও তাঁর সমর্থকেরা সিংড়া বাজারে জাফর মোল্যার কাছে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন ও হুমকি-ধমকি দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে জাফর মোল্যার সমর্থক বাক্প্রতিবন্ধী সুলতান মোল্যাসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

নিহত সুলতান মোল্যার স্ত্রী সাদিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী তো কোনো অন্যায়ের মধ্যে ছিলেন না। বাক্প্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারতেন না। ছোট দুটি বাচ্চা নিয়ে এখন আমি কোথায় যাব, কীভাবে চলব? ওরা আমার স্বামীকে নির্মমভাবে মেরে ফেলল। আমার স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

স্থানীয়দের অভিযোগ, ২০১২ সালের ইকতার মোল্যা হত্যা মামলার সঙ্গে জড়িতদের কয়েকজন শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব চকলেট মুন্সির সঙ্গে রাজনীতি করেন।

শালিখা থানার ওসি (তদন্ত) দেবব্রত রায় জানান, সংঘর্ষের ঘটনায় করা মামলায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত