
মাগুরার সদর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যুতের খুঁটি থেকে ছিটকে পড়ে আহত হওয়ার পর তাঁর সহযোগীরা তাঁকে মৃত ভেবে একটি মাঠে ফেলে পালিয়ে যান বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মনু মিয়া মাগুরা পৌরসভার লক্ষীকান্দর পুলিশ ফাঁড়ি এলাকার রজব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে কালীনগর এলাকায় একটি সংঘবদ্ধ চোরচক্র বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। একপর্যায়ে মনু মিয়া বৈদ্যুতিক খুঁটিতে উঠলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে তাঁর সহযোগীরা তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে সরিয়ে কিছু দূরের একটি মাঠে ফেলে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান। সকালে স্থানীয় বাসিন্দারা মাঠে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান। পরে তিনি নিজের পরিচয় দেন এবং সঙ্গে থাকা সহযোগীদের নাম জানান।
এ সময় দুর্ঘটনাস্থলের পাশ থেকে একটি ব্যাগ, পরিধেয় বস্ত্র ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত মনু মিয়া বলেন, ‘আমার সঙ্গে মুরাদ, ইব্রাহিম ও মফিজ নামে আরও তিনজন ছিল। তাঁদের বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকায়। চুরি করার সময় ওপর থেকে পড়ে আহত হলে তাঁরা আমাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।’
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও শ্যালো মেশিনের তার চুরির ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় জড়িত মূল ব্যক্তিদের এখনও আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তাঁরা আহত মনু মিয়ার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার করা সরঞ্জাম ও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি চুরি করতেই গিয়েছিলেন। তবে মূল বৈদ্যুতিক খুঁটি থেকে কিছুটা দূরে আলামত পাওয়ায় এখনই পুরো বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের বটতলা এলাকায় একটি পিকআপ নিয়ে কয়েকজন গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পিকআপ নিয়ে পালিয়ে গেলেও দুইজন গ্রামবাসীর হাতে ধরা পড়েন।
১৯ মিনিট আগে
প্রথমবার ব্যর্থ হলেও থেমে যাননি মুজাহিদুল। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে মাদরাসার সহপাঠী ও ছোটদের চুল কাটতে শুরু করেন। ধীরে ধীরে কাঁচি ও চিরুনির ব্যবহার আয়ত্তে চলে আসে।
৩২ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৪০) নামের এক ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে...
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির দীঘিনালায় হঠাৎ অতি ভারী বৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের দুই অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সড়কে পাহাড়ধসের মাটি থাকায় আজ শনিবার সকাল থেকে দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে সবজি ও আমনের খেত পানিতে তলিয়ে গেছে...
১ ঘণ্টা আগে