মাদারীপুরের শিবচরে দাম বাড়ায় ব্রয়লার মুরগি কিনতেই হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। উপজেলার বাজারগুলোতে কমেছে মুরগি বেচাকেনা। বেশির ভাগ দোকানে এখন মুরগির পরিমাণ কম দেখা যাচ্ছে। বিক্রি কম থাকায় ব্যবসায়ীরাও ফার্ম থেকে মুরগি আনা কমিয়ে দিয়েছেন।
উপজেলার বিভিন্ন বাজারের ব্রয়লার মুরগির দোকান ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে মুরগির সংখ্যা কম। বিক্রিও কম হচ্ছে। অনেকে দাম শুনেই চলে যাচ্ছেন। অধিক প্রয়োজন ছাড়া ব্রয়লার মুরগি এড়িয়ে যাচ্ছেন ক্রেতারা।
গ্রামের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ টাকা, সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা করে। এ ছাড়া দেশি মুরগির দাম আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি হচ্ছে।
এদিকে ব্রয়লারসহ সব মুরগির দাম বাড়ায় গ্রাম পর্যায়ের হাটবাজারে বিক্রি কমেছে বলে জানান বিক্রেতারা। মুরগির পাশাপাশি গরুর মাংস, মাছ এবং সবজির বাজারও চড়া। আসন্ন রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভোক্তারা। ক্রমাগত দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান ধরে রাখা কষ্টকর হয়ে পড়বে বলে সাধারণ মানুষ জানান।
শিবচরের পাঁচ্চরে বাজার করতে আসা ফয়জুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘মাংস খেতে ইচ্ছে করলেই মুরগি কিনতাম। কারণ গরুর মাংসের দাম অনেক বেশি। ফার্মের মুরগি ঘরের বাচ্চারাও পছন্দ করত। সেই মুরগির দাম এখন ২৫০ টাকা কেজি! বাচ্চারা মাংস খেতে চায়, কিন্তু এই দামে মুরগি কেনার সাধ্য নেই আমাদের মতো স্বল্প আয়ের মানুষের।’
হাবিব নামের আরেক ব্যক্তি বলেন, ‘দাম বেশি থাকায় গরুর মাংস সহজে কেনা হয় না। মুরগির মাংস মাঝেমধ্যে কেনা হতো। এখন যে পরিস্থিতি, এতে মুরগি কেনাও দুঃসাধ্য হয়ে উঠেছে। গরিবের মাংসের চাহিদা মিটত ব্রয়লার মুরগিতে। এটিও এখন ধরাছোঁয়ার বাইরে।’
মো. কাইয়ুম নামের এক বিক্রেতা বলেন, ‘দাম বাড়ায় চাহিদা অনেক কমে গেছে। আগে দোকানভর্তি মুরগি থাকত। প্রতিদিন অনেক মুরগি বিক্রি হতো। এখন তেমন বিক্রি হয় না।’
এদিকে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্কও করা হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ‘ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে জেলার বাজারগুলোতে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত দামে বিক্রেতারা যেন পণ্য বিক্রি না করেন, সে জন্য তাঁদের সতর্ক করা হচ্ছে। শাস্তি হিসেবে জরিমানাও করা হচ্ছে। রমজান সামনে রেখে নিয়মিত বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি থাকছে।’

সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩০ মিনিট আগে
গ্রেপ্তারের ভয় দেখিয়ে ২২ লাখ টাকা দাবি এবং চুক্তির বাইরে কাজ করতে রাজি না হওয়ায় পুলিশ দিয়ে আটকের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। পরে ইউএনওর চাপিয়ে দেওয়া কাজ করে দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেছেন ...
৩২ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে আলোচিত ফরিদা ইয়াসমিন হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেরপুরে মাঠে নেমেছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। সরকারের সিদ্ধান্ত মেনে রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের বিভিন্ন বাজার ও বিপণিবিতানে সচেতনতামূলক প্রচার চালান তাঁরা...
১ ঘণ্টা আগে