
উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে লিবিয়া হয়ে ইতালি নেওয়ার প্রলোভন দেখানো হয় মাদারীপুর সদরের মধ্য হাউসদী এলাকার তিন তরুণকে। ছয় মাস আগে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়েন তাঁরা। লিবিয়ায় পৌঁছানোর পর প্রথম কিছুদিন পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও গত দুই মাস কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁদের।
এদিকে লিবিয়ায় পৌঁছার পর ভুক্তভোগী তিন তরুণের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছে পরিবার। দালালদের খপ্পর থেকে বাঁচাতে পরিবার থেকে ধাপে ধাপে দেওয়া হয় মোটা অঙ্কের টাকা। কিন্তু এরপরও ওই তিন যুবকের খোঁজ না পাওয়ায় শঙ্কায় দিন কাটছে তাঁদের স্বজনদের।
নিখোঁজ তিনজন হলেন মাদারীপুর সদরের মধ্য হাউসদী গ্রামের বাবুল ফকিরের ছেলে মারুফ হোসেন (২০), তাঁর ভাগনে মহিউদ্দিন মোড়ল (২০) এবং একই এলাকার সোলায়মান আকন (২০)।
স্থানীয় ও পারিবারিক সূত্র বলেছে, মাদারীপুর সদরের হাউসদী এলাকার স্থানীয় দালাল বাবুল মাতুব্বর এবং একই এলাকার হাওয়া বেগম ওই তিন তরুণকে লিবিয়া হয়ে ইতালি নেওয়ার প্রলোভন দেখান। গত দুই মাস ওই তিন তরুণের খোঁজ না পেয়ে তাঁদের পরিবার দালাল হাওয়া ও বাবুলের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। এরপরও সন্ধান পাননি পরিবারের লোকজন। উল্টো দালালেরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
নিখোঁজ সোলায়মান আকনের মা সালমা আক্তার বলেন, ‘আমার ছেলেকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করা হয়। এর পর দফায় দফায় মুক্তিপণের টাকা আদায় করা হয়। কয়েক দফায় বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৩৫ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। এরপরও ছেলের সন্ধান পাইনি। উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন দালাল হাওয়া ও বাবুল মাতুব্বর।’

নিখোঁজ মারুফের বাবা এবং অপর নিখোঁজ মহিউদ্দিন মোড়লের মামা বাবুল ফকির বলেন, ‘স্থানীয় দালাল হাওয়া বেগম ও বাবুল মাতুব্বর ইতালি নেওয়ার প্রলোভন দেখান। পরে লিবিয়াতে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন। আমাদের ভয়ভীতি দেখিয়ে ৬২ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে দালাল চক্র। এরপরও সন্ধান পাইনি ছেলে ও ভাগনের।’
এই ঘটনায় অভিযুক্ত দালাল হাওয়া বেগম ও বাবুল মাতুব্বরের সঙ্গে কথা বলতে বাড়িতে গেলে তাঁদের পাওয়া যায়নি। বাবুল মাতুব্বর মাদারীপুর শহরের চরমুগুরিয়া বন্দর শাখা সোনালী ব্যাংকে কর্মরত। তবে মামলার পর দীর্ঘদিন সেখানে তিনি অনুপস্থিত বলে জানা গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।’

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৩ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৪ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগে