Ajker Patrika

রাশিয়ায় ৪ যুবক বিক্রি: গভীর ষড়যন্ত্র দাবি করে পাটগ্রাম উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
রাশিয়ায় ৪ যুবক বিক্রি: গভীর ষড়যন্ত্র দাবি করে পাটগ্রাম উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে লালমনিরহাটের পাটগ্রামের চার যুবককে রুশ সেনাবাহিনীর কাছে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। আজ বুধবার এ ঘটনার সঙ্গে দলের কোনো প্রকার সম্পৃক্ততা নেই উল্লেখ করে একটি কুচক্রী মহলের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় জামায়াত।

উপজেলার পশ্চিম চৌরঙ্গী মোড়ের ছমুল্লা মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনোয়ার হোসেন লিটন দাবি করেন, পাটগ্রাম থেকে চার যুবক রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীর হাতে বিপর্যয়কর পরিস্থিতিতে আটকা পড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী কুচক্রী মহল পাটগ্রামের জামায়াতে ইসলামীর নেতাদের ও পৌর আমির সোহেল রানাকে জড়ানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা পৌর আমির সোহেল রানার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী প্রভাবশালী মহল নীলনকশার মাধ্যমে নিজেদের দলগত ও ব্যক্তিগত ফায়দা লুটতে এবং সোহেল রানাকে হেয় প্রতিপন্ন করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডের কথা উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, ওই কল রেকর্ডের কথোপকথন শুনলে স্পষ্ট বোঝা যায়, স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের কিছু ব্যক্তি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে সোহেল রানাকে পরিকল্পিতভাবে অপদস্ত করার পরিকল্পনা করছেন এবং প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। শুধু তা-ই নয়, তাঁরা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকেও প্রভাবিত করার চেষ্টা করছেন।

প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে জামায়াত নেতারা কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে রাশিয়ায় আটকে পড়া ৩০ বাংলাদেশিকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার (৩০ মে) রাশিয়ায় আটকে পড়া চার যুবকের পরিবার জামায়াতের পৌর আমির সোহেল রানা, উপজেলা যুব বিভাগের সভাপতি ইউনুস আলী ও পৌর যুব বিভাগের সভাপতি মাহিন ইসলামের নাম উল্লেখ করে পাটগ্রাম থানায় পৃথক চারটি অভিযোগ করে। এ ছাড়া ভুক্তভোগী পরিবারগুলো সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে ওই জামায়াত এবং যুব নেতাদের এই মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে বক্তব্য দেয়। তবে উপজেলা জামায়াত এই অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ আলম, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি সোহরাব আলী, অর্থ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন বেলাল, ওলামা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, পৌর ভারপ্রাপ্ত সেক্রেটারি মিরু হাসান, পৌর যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত