Ajker Patrika

বিএসএফের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে বাংলাদেশে পুশইনের অভিযোগ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
বিএসএফের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে বাংলাদেশে পুশইনের অভিযোগ
ধনেশ্বর বর্মণ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামের এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত দিয়ে ধনেশ্বরকে ঠেলে পাঠানো হয়। পরে তিনি পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় গিয়ে অবস্থান নেন। সেখান থেকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম ধনেশ্বর বর্মণ, বাবার নাম রমেশ্বর বর্মণ ও মায়ের নাম শেকেরী বালা বর্মণ বলে জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ, বিজিবি, স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের ৪ ও ৫ নম্বর উপপিলারের কাছাকাছি পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত এলাকা। এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট সীমান্ত।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার ভোরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার একটি ফটক দিয়ে ধনেশ্বরকে মারধর করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠান। এরপর তিনি হেঁটে সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে কদুর বাজার এলাকায় পৌঁছান।

বাজারে অপরিচিত ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁর কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, ‘পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। লোকটি অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন। কোন সীমান্ত দিয়ে এসেছেন, তা সঠিকভাবে বলতে পারছেন না। তাঁর কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে, তিনি ভারতীয় নাগরিক।’

বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না জানতে চাইলে কারিমুল ইসলাম বলেন, ‘এখনো যোগাযোগ করা হয়নি। হলে পরে জানাব।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে এসেছি। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, যেহেতু শূন্যরেখায় তাঁকে পাওয়া যায়নি, তাই বাংলাদেশকে আইনি ব্যবস্থা নিতে হবে।’

ওসি আরও বলেন, ‘আমরা তাঁর পরিচয় যাচাই-বাছাই করছি। ভারতে তাঁর স্বজন বা পরিচিত কারও সঙ্গে যোগাযোগ করা যায় কি না, সেই চেষ্টা চলছে। তিনি সত্যিই ভারতীয় নাগরিক হলে এবং তাঁর কাছে পাসপোর্ট না থাকলে আইন অনুযায়ী মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত