Ajker Patrika

ভালো পোশাক-চেহারায় নয়, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
ভালো পোশাক-চেহারায় নয়, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ: ত্রাণমন্ত্রী
শনিবার রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভালো পোশাক কিংবা সুন্দর চেহারা মানুষকে ভালো মানুষ করে না। অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ। বর্তমানে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধ্বংসের পথে। শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, এর পাশাপাশি মানবিক উন্নয়নও জরুরি। অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে মানবিক উন্নয়ন ঘটলেই প্রকৃত উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন সার্থক হবে। তখনই গড়ে উঠবে আলোকিত লালমনিরহাট। এ লক্ষ্যেই সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনটি সারা দেশে ছড়িয়ে দিতে ইতিমধ্যে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা লালমনিরহাটে এসেছেন। এ উদ্যোগের লক্ষ্য ও কার্যক্রম দেখে তাঁরা অভিভূত হয়েছেন এবং নিজ নিজ জেলায় এ আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্ত্রী আরও বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি নির্বাচন করা হয়, কিন্তু সেই টাকার উৎস খোঁজ নেওয়া হয় না। ঘুষের টাকা, মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। মাদক সেবন ও নামাজ আদায় একসঙ্গে চলতে পারে না। তাই সামাজিকভাবে এসব বিষয় নিয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং সমাজকে মাদকসহ সব ধরনের অপরাধমুক্ত করতে হবে।

নিজের বিবেককে সবচেয়ে বড় পাহারাদার উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের বিবেককে পাহারাদার বানান, তাহলে অপরাধের দিকে ধাবিত হবেন না।’ আলোকিত লালমনিরহাট আন্দোলনে কেউ মাদকাসক্ত থাকলে তাঁকে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নিকাহ রেজিস্ট্রারদের সতর্ক করে মন্ত্রী বলেন, যৌতুক কিংবা বাল্যবিয়ের রেজিস্ট্রি করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। বিয়ের আগে বর-কনের বয়স সঠিকভাবে যাচাই করতে হবে। যথাযথ নিয়মে বিয়ে নিবন্ধনের পর বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘আলোকিত লালমনিরহাট’-এর আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্যসচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।

এ সময় উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে ‘আলোকিত লালমনিরহাট’-এর পোশাক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত