
দফায় দফায় অভিযান আর মামলার পরও লালমনিরহাটের কালীগঞ্জে সীমান্ত গ্রামগুলোতে মাদক কারবারি নিয়ন্ত্রণে আসছে না। উপজেলার ছোট একটি ইউনিয়নেই শতাধিক মাদক কারবারি রয়েছে। কারও কারও বিরুদ্ধে ১৪-১৫টি মামলাও রয়েছে। এ তালিকায় রয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যও।
স্থানীয়রা বলছেন, মাদক কারবারের কারণে উপজেলার কোনো কোনো গ্রাম ‘মাদকের গ্রাম’ হিসেবেও পরিচিতি পেয়েছে। এসব গ্রামে কেউ আত্মীয়তাও করতে চায় না। গ্রামের নাম শুনে অনেক ছেলেমেয়ের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। এসব গ্রামের মধ্যে রয়েছে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর ও লোহাকুচি গ্রাম এবং গোড়ল ইউনিয়নের মালগাড়া, সেবকদাস ও ময়নাচরা।
খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাটের ৫টি উপজেলায় ভারতীয় সীমান্ত রয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে চোরাচালান আর মাদকের পরিস্থিতি বেশ ভয়াবহ। সব থেকে ভয়াবহ জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ও চন্দ্রপুর ইউনিয়নে। এটি কালীগঞ্জ থানা থেকে বেশ দূরে। তাই ২০২১ সালে গোড়ল ইউনিয়নে একটি পুলিশ তদন্ত কেন্দ্র গড়ে তোলা হয়। বিগত সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাধ্যমে সীমান্ত গ্রামগুলোতে গড়ে ওঠে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। মাদক পাচারে নিরাপদ রুটে পরিণত হয় এসব এলাকা। এসব মাদকের মধ্যে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও ভারতীয় মদ উল্লেখযোগ্য।
জানা যায়, ওই সময় গোড়লে তদন্ত কেন্দ্র গড়ে তোলা হলেও আওয়ামী নেতাদের তদবিরে সফল হয়নি পুলিশ। তবে আওয়ামী লীগের পতনের পর চোরাচালান মাদক আর অপরাধ দমনে গোড়ল তদন্ত কেন্দ্র কঠোর অবস্থানে গেলে অনেকটা চাপে পড়ে মাদক কারবারিরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক কারবারে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হলেও কয়েকদিন হাজতবাস করে বের হয়ে তাঁরা আবার একই কাজে লিপ্ত হয়।
পুলিশের তথ্যমতে, গোড়ল ইউপির সদস্য নুরল আমিন বাদশার নামেই রয়েছে ১৪টি মামলা। তাঁর বাড়ি মালগাড়া গ্রামে। তাঁর স্ত্রী স্বপ্নার নামে দুটি এবং ছেলে শাহীনের নামে দুটি মাদক মামলা রয়েছে। বাদশার ভাই এমদাদুল হকের নামে দুটি ও আতিকুল ইসলামের নামে পাঁচটি মামলা রয়েছে। তাঁরা গ্রেপ্তারও হয়েছেন কয়েকবার। মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। বাদশার ভাই এরশাদ কারবারি করলেও হাতেনাতে আটক করতে না পারায় মামলা দিতে পারেনি পুলিশ। ২০২২ সালে ‘ইউপি সদস্য বাদশার বাড়িতে ফেনসিডিলের বার’ শিরোনামে ভিডিওসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এ ছাড়াও গোড়ল ইউনিয়নের আলোচিত মাদক কারবারিদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে মোফা মিয়ার নামে দুটি, দুলাল ওরফে ঘুগরি দুলালের সাতটি, রহিম বাদশার চারটি, নান্নু মিয়ার নামের চারটি মাদক মামলা বিচারাধীন। মাদক পাচার ও বিক্রি করে এসব এলাকার কেউ কেউ শূন্য থেকে কোটিপতি হয়েছেন বলেও শোনা যায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, হাতের কাছে মাদক পেয়ে নষ্ট হচ্ছে এসব গ্রামের যুবসমাজ। অপবাদ ঘোচাতে ও যুবসমাজ রক্ষায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার আহ্বান স্থানীয় সাধারণ মানুষের।
কৃষক তমিজ উদ্দিন বলেন, ‘মাদক কারবারিরা সীমান্ত এলাকার জমির ফসল নষ্ট করে রাতের আঁধারে এসব পাচার করে নিয়ে আসে। শীত আসছে, এখন মাদকের সঙ্গে শত শত গরু পাচার করবে। এতে ফসল নষ্ট হবে। চোরাকারবারিদের জন্য শুধু যুবসমাজই নষ্ট হচ্ছে না, ফসলও নষ্ট হচ্ছে।
স্থানীয় অরণ্য স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক আনজুরুল হক সরকার মিন্টু বলেন, মাদক কারবারিদের কারণে এলাকার শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। হাতের কাছে মাদক পেয়ে শিক্ষার্থীরাও আসক্ত হচ্ছে। গ্রামগুলোর নামের সঙ্গে মাদকের ট্যাগ পড়ে যাওয়ায় অনেকের বিয়ে ভেঙে যাচ্ছে।
গোড়ল চাকলারহাট কেন্দ্রীয়
জামে মসজিদের ইমাম আবুল কাশেম বলেন, মাদক কারবারিদের কাছে স্থানীয়রা জিম্মি হয়ে পড়েছে। প্রতিবাদ করলেই বিপদ।
গোড়ল ইউপির সদস্য নুরল আমিন বাদশা বলেন, ‘এখানে সবাই মাদকের কারবার করে। একটা সময় আমিও মাদকের কারবার করেছি। সদস্য নির্বাচিত হওয়ার পর ছেড়ে দিয়েছি।’
গোড়ল তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই মোস্তাকিন বলেন, ‘যোগদানের এক বছরে বিপুল পরিমাণ মাদকসহ ৭০ জনকে ৬৮টি মামলায় গ্রেপ্তার করেছি। যার অধিকাংশের অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।’
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ‘সীমান্তের গ্রামে মাদকের ট্যাগ রোধে অভিযান জোরদার করা হচ্ছে। অভিযান স্তব্ধ করতে মাদক কারবারিদের কোনো চক্রান্তই সফল হবে না। আমরা জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে অভিযান অব্যাহত রেখেছি।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে