
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকসহ মুকুল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলে ছায়েদ আলী নামের এক দিনমজুরের দুটি গরু নিয়ে গেছেন মুকুলের বাবা।
ছায়েদ আলী (৭০) তাঁর সম্বল গরু দুটি হারানোর শঙ্কায় বারবার অচেতন হয়ে পড়ছেন। ছায়েদ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধেও গরু দুটি ফেরত দেওয়া হয়নি।
আজ সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী মাঝাপাড়া গ্রামে দিনমজুরের উঠান থেকে গরু দুটি নিয়ে যান প্রতিবেশী বজলার রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, ছায়েদ আলীর ছেলে রবিউল ইসলামের অটোরিকশা ভাড়ায় চালান বজলার রহমানের ছেলে মুকুল মিয়া। গত বৃহস্পতিবার সেই অটোরিকশায় মাদকদ্রব্য পরিবহনের সময় ভেলাবাড়িতে পুলিশের হাতে আটক হন মুকুল। তাঁর পরিবারের ধারণা, রবিউল পুলিশকে ফোনকল করে মুকুলকে ধরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মুকুলের বাবা বজলার রহমান আজ সোমবার সকালে ছায়েদ আলীর গরু দুটি জোর করে ধরে নিয়ে যান। অন্যের জমিতে কাজ করার সময় খবর পেয়ে ছায়েদ আলী ও তাঁর স্ত্রী ওলামা খাতুন বজলারের হাতে-পায়ে ধরেও গরু ফেরত আনতে পারেননি।
বজলারের দাবি, তাঁর ছেলেকে এনে না দিলে গরু ফেরত দেবেন না। এ কথা শুনে খাওয়াদাওয়া বন্ধ করে দেন ছায়েদ আলী। কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে প্রতিবেশীরা গিয়েও গরু ফিরিয়ে আনতে ব্যর্থ হন।
ছায়েদ আলী বলেন, ‘দিনমজুরির আয়ে আমাদের সংসার চলে। ছেলেরা বিয়ের পর আলাদা বাড়িতে থাকে। এ কারণে পেটের দায়ে বৃদ্ধ বয়সেও কাজ করতে হয়। অনেক কষ্টে জমানো টাকা থেকে রুগ্ণ একটি গরু কিনেছিলাম ২৬ হাজার টাকায়। সেই গরু থেকে এখন দুটি গরু। যার একটি অন্তঃসত্ত্বা। সেই গরু দুটি জোর করে ধরে নিয়ে গেছেন বজলার রহমান। তাঁর ভয়ে সবাই তটস্থ থাকেন।’

ছায়েদ আলী বলেন, ‘এই গরুই আমার একমাত্র সম্বল। বজলারের ছেলেকে মাদকসহ ধরে নিয়ে গেছে পুলিশ। সেই রাগে বজলার আমার গরু নিয়ে গেছেন। তাঁর ছেলেকে জামিনে এনে না দিলে তিনি আমার গরু ফেরত দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আমি গরিব মানুষ। খাবার পাই না। তাঁর ছেলেকে জামিন করার এত টাকা কোথায় পাব। গরু না পেলে আমি মারা যাব’, বলেই অচেতন হয়ে পড়েন ছায়েদ।
ওলামা খাতুন বলেন, ‘বাবা গরু না পেলে বুড়া (স্বামী) বাঁচবে না। সারা দিন গরুর শোকে কিছুই খায়নি। বারবার অচেতন হয়ে যাচ্ছে। তোমরা গরু দুইটা আনি দাও বাহে।’
অভিযোগের বিষয়ে বজলার রহমান বলেন, ‘ছায়েদ আলীর ছেলে রবিউল চালাকি করে ডেকে নিয়ে গিয়ে আমার ছেলেকে মাদকসহ ফাঁসিয়ে দিয়েছে। আমার ছেলেকে না আনা পর্যন্ত বা আপস না করা পর্যন্ত গরু দেব না। গরু আমার ঘরে আটকে রাখা আছে।’
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘বজলারকে গরু ফেরত দিতে অনুরোধ করেছি। কিন্তু কোনোভাবেই গরু ফেরত দেননি। গরু তাঁর বাড়িতেই আছে, বিক্রি বা ক্ষতি করেননি। ছায়েদ আলী একজন দিনমজুর। তাঁর প্রতি অন্যায় হচ্ছে। আমি বজলারের বিচারের দাবি জানাই।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দিনমজুরের গরু ধরে নিয়ে যাওয়ার খবর জানা নেই। কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে অক্ষমতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপি সরকার অল্প সময়েই জনসমর্থন হারাতে শুরু করেছে।
২৫ মিনিট আগে
‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন, টাকা দিচ্ছি’—এমন আকুতি শোনা যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের জিরো লাইনে আটকে থাকা এক ব্যক্তির কণ্ঠে। পাশে থাকা শিশুটি তখন তৃষ্ণায় কাঁদছিল। টানা ৩৮ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তে আটকে রয়েছে ১০ জন নারী-পুরুষ ও শিশু।
৩০ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী...
৩৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।
২ ঘণ্টা আগে