Ajker Patrika

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে শিরিন আক্তার শীলা (২৫) নামের দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার মামলায় তাঁর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার আসামিকে পুলিশ পাহারায় লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে শিশুদের খেলতে যেতে চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন শিরিনের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শিরিন নিস্তেজ হয়ে পড়লে শাহীন পালিয়ে যান। পরে ওই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকায় শাহীনের বাড়ি থেকে শিরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শিরিন জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তাঁর ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় সাত বছর আগে শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকার সহিদার রহমানের ছেলে শাহীনের সঙ্গে শিরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাহীন শিরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়েছে, শাহীন নেশায় আসক্ত ছিলেন। ঘটনার দিন বিকেলে শিশুদের খেলতে যাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি শিরিনের গলা চেপে ধরেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘স্ত্রীকে হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত গৃহবধূর স্বামী তুষার হোসেন শাহীনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত