মাদ্রাসায় যাওয়ার পথে সড়কে ঝরল শিশুর প্রাণ

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে খাতাপাড়া মাজার মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর যাত্রীবাহী অটোরিকশায় করে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাবিবুরের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









