Ajker Patrika

ছিনতাই চেষ্টাকালে শ্রমিকদল নেতাসহ আটক ২, ছিনিয়ে নিতে হামলায় ৫ পুলিশ আহত

লালমনিরহাট প্রতিনিধি
ছিনতাই চেষ্টাকালে শ্রমিকদল নেতাসহ আটক ২, ছিনিয়ে নিতে হামলায় ৫ পুলিশ আহত
আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক শ্রমিকদল নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটক শ্রমিকদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আটক দুজন হলেন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম অপু (৩৫)। তিনি ওই ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক। অপরজন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের অটোরিকশাচালক এরশাদুল হক (৩৩)।

আহত পুলিশ সদস্যরা হলেন লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী (৪৩), কনস্টেবল মামুন (৩২), লিটন (৩৯), নায়েক আনোয়ার হোসেন (৩৮) ও কনস্টেবল শাহনাজ আক্তার (৩৭)।

আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা
আহত পুলিশ সদস্যরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক এরশাদুল হক কুলাঘাট বাজার থেকে বড়বাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে টিকটিকির বাজার এলাকায় চারজন যাত্রীবেশে তাঁর অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ী এলাকায় পৌঁছালে ওই ব্যক্তিরা নিজেদের ‘আলোকিত লালমনিরহাটের অ্যাকশন কমিটির’ সদস্য পরিচয় দিয়ে অটোরিকশায় মাদকদ্রব্য রয়েছে বলে দাবি করেন। তাঁরা অটোরিকশায় তল্লাশি চালানোর কথা বলেন। চালক এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা।

এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম অপুকে আটক করেন। বাকি তিনজন পালিয়ে যান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে লালমনিরহাট সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অপুকে হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক অপুকে থানায় নেওয়ার পথে পূর্ব আমবাড়ী এলাকায় তাঁর পক্ষের কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়ির গতিরোধ করেন। তাঁরা অপুকে থানায় নিতে বাধা দেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। পুলিশ এতে রাজি না হলে তাঁরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে থানায় ফিরে যায়।

বড়বাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলেপ উদ্দিন বলেন, ‘শুনেছি, ওই অটোরিকশায় মাদক ছিল দাবি করে তা আটক করে তল্লাশি চালায় অপু ও তাঁর সহযোগীরা। কিন্তু মাদক না পাওয়ায় হট্টগোল হয়। পরে পুলিশ এসে অপুকে আটক করে নিয়ে গেছে। আটক শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অপু আলোকিত লালমনিরহাটের কোনো সদস্য নন।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, দুই পক্ষের মারামারির ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাঁকে নিয়ে ফেরার পথে কয়েকজনের সঙ্গে পুলিশের বিতর্ক হয়। এতে পাঁচ পুলিশ সদস্য সামান্য আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত