লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে মাটির ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, দুপুরে মোরশেদ ও মজিদ নামে দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা জানতে পারেন, প্রতিপক্ষের ওয়ালিদ খোরশেদকে গুলি করেছেন।
আকলিমা আক্তার ও প্রেমা আক্তার বলেন, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। খোরশেদ বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি বলেন, খোরশেদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তাঁর বুকে গুলির ক্ষতচিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খোরশেদ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









