Ajker Patrika

বাড়ির উঠানে ‘ভালো-মন্দ খেয়ে নিও’ লেখা চিরকুট ও কাফনের কাপড়

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বাড়ির উঠানে ‘ভালো-মন্দ খেয়ে নিও’ লেখা চিরকুট ও কাফনের কাপড়
দুর্বৃত্তের রেখে যাওয়া কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট। ছবি: সংগৃহীত

ভালো-মন্দ কিছু খেয়ে নিও, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও, গুডবাই—এমন বার্তা লেখা দুটি রহস্যজনক চিরকুটের সঙ্গে কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও গোলাপজল রেখে গেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার দৌলতপুরে একই গ্রামের পৃথক দুই বাড়িতে এসব সামগ্রী পাওয়া গেছে। এ ঘটনায় দুই পরিবারে উদ্বেগ ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ বুধবার সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা ও মনি ডাক্তারের বাড়িতে এসব সামগ্রী দেখতে পান পরিবারের সদস্যরা।

স্থানীয়দের ধারণা, গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব জিনিস রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা সেগুলো দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্য চিরকুটে মনি ডাক্তারকে উদ্দেশ্য করে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

মনি ডাক্তার বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট দেখতে পাই। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না।’ এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি বাচ্চু মালিথাকে সঙ্গে নিয়ে থানায় গিয়েছেন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, আজ সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত