বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর মারা গেলেন বাবাও

বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলেই অসুস্থ হয়ে পড়েন ছেলে মাহফুজুর রহমান (২৭)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর মারা যান অসুস্থ বাবা আবদুল মান্নানও (৫৯)।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা যান মাহফুজুর। একই দিন রাত ১১টার দিকে মারা যান তাঁর বাবা আবদুল মান্নান। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় গোরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী। তাঁর চার ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে মাহফুজুর কুষ্টিয়া শহরের একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে বিয়ে করেন তিনি। স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশাপাশি অসুস্থ বাবার দেখভাল নিয়েও ভাবতে হতো তাঁকে।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ছাপাখানায় কাজ করছিলেন মাহফুজুর। এ সময় বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তাঁর বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। খবরটি শোনার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহফুজুরের সহকর্মী শিপন ইসলাম বলেন, বিকেলে মাহফুজুর অফিসের চেয়ারে বসে ছিলেন। এ সময় ফোনে বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি চেয়ারের একদিকে হেলে পড়েন। পরে তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে আটটার দিকে তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়।
স্বজন ফিরোজ আহমেদ জানান, ছেলের মরদেহ বাড়িতে নেওয়ার খবর রাতেই আবদুল মান্নানকে জানানো হয়। ছেলের মৃত্যুর খবর শোনার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত ১১টার দিকে নিজ বিছানায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
একই বাড়ি থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মরদেহ বের হয়। বুধবার সকালে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়। তাঁদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।









