ইবির বাসে পেট্রলবোমা নিক্ষেপ, হলের গেটে হাতবোমা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রলবোমা নিক্ষেপের কয়েক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের একটি হলের ফটকে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এরপর আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে শাহ আজিজুর রহমান হলের পকেট গেট দিয়ে ভেতরে হাতবোমা ছোড়া হয়। তবে দুই ঘটনায় কেউ হতাহত হননি। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গাড়াগঞ্জ এলাকা অতিক্রমের সময় কালো হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহীর একজন বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়েন। সেটি বাসের সামনের চাকার কাছে পড়ে। এতে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন ধরে যায়। চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর আজ ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেটের বাইরে থেকে ভেতরে একটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে বিস্ফোরণের আগেই প্রক্টর ও নিরাপত্তা সেলের সদস্যরা বোমাটি পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন।
এখন পর্যন্ত দুই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের ধারণা, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে থাকতে পারে।
জানা গেছে, বাসে হামলার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা রাতভর টহল দিয়েছেন। পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে, ঘটনার প্রতিবাদে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক বিক্ষোভ মিছিল করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দেশব্যাপী অরাজকতা সৃষ্টির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়েও বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শিক্ষার্থীদের শঙ্কিত হওয়ার কারণ নেই।
প্রক্টর আরও বলেন, বাসে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ক্যাম্পাসের ঘটনার বিষয়ে ইবি থানায় জিডি করার প্রস্তুতি চলছে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে এসব ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।









