কুষ্টিয়া

কুষ্টিয়ায় পদ্মা নদীর বিশাল বালুর রাজ্য লুটে নিচ্ছে বিভিন্ন চক্র। এ নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটির পক্ষ থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) চিঠি দেওয়া হলেও অবৈধ চক্রের কর্মকাণ্ড বন্ধ হয়নি।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র বিগত ১৭-১৮ বছর ধরে কুষ্টিয়া পাবনা ও নাটোর জেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদী থেকে শত শত কোটি টাকার বালু উত্তোলন করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই চক্রটি স্থানীয় প্রশাসন পুলিশ ও রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় এই অপকর্ম চালিয়েছে। ১০ নভেম্বর বিআইডব্লিউটিএর পক্ষ থেকে কুষ্টিয়া নাটোর ও পাবনার জেলা প্রশাসক এবং কুষ্টিয়া ও পাবনা জেলার পুলিশ সুপারকে এই বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠায়। কিন্তু তারপরেও থেমে নেই বালুখেকোদের তৎপরতা।
বিআইডব্লিউটিএর চিঠিতে বলা হয়, বর্তমানে মেসার্স মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান নাটোর জেলার লালপুর উপজেলাধীন পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর বালুমহালের বৈধ ইজারাদার। প্রতিষ্ঠানটি ৯ কোটি ৬০ লাখ টাকায় ওই বালুমহাল ইজারা নিয়েছে। এর বাইরে কুষ্টিয়া পাবনা ও নাটোর জেলায় আর কোনো বৈধ বালু উত্তোলনকারী ইজারাদার নেই। চিঠিতে আরও উল্লেখ করা হয়, একসময়ের বৈধ ইজারাদার মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ, মেসার্স শাওন এন্টারপ্রাইজ এবং মেসার্স আনোয়ারুল হক মাসুম নামের তিনটি প্রতিষ্ঠান যথাসময়ে বালু উত্তোলন করতে সক্ষম হয়নি—এমন দাবি করে দীর্ঘ ১৭-১৮ বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে সরকার শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই চক্রটির কারণে বর্তমানে বৈধ ইজারাদার মোল্লা ট্রেডার্স মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ, মেসার্স শাওন এন্টারপ্রাইজ ও মেসার্স আনোয়ারুল হক মাসুম নাটোর, কুষ্টিয়া ও পাবনা জেলার মধ্যবর্তী বিস্তীর্ণ পদ্মা নদীর একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানের নিয়োগ করা লোক ও ক্যাডাররা সশস্ত্র অবস্থায় দিনরাত নদীতে পাহারায় থাকে। তাদের পাহারায় প্রতিদিন শতাধিক নৌকা ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করা হয়। এমন অবস্থায় বৈধ ইজারাদার মেসার্স মোল্লা ট্রেডার্সের প্রোপাইটর শহিদুল ইসলাম বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।
এর পরিপ্রেক্ষিতে ১০ নভেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ) প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ কুষ্টিয়া, পাবনা ও নাটোরের জেলা প্রশাসক এবং কুষ্টিয়া ও পাবনা জেলার পুলিশ সুপারকে অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছেন।
মেসার্স মোল্লা ট্রেডার্সের প্রোপাইটর শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঈশ্বরদীর সারাঘাট ও কুষ্টিয়ার হরিপুর সীমান্তে জাকারিয়া পিন্টু ও টনি বিশ্বাস অবৈধভাবে বালু উত্তোলন করছে। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কয়েক দিন আগে প্রশাসন উল্টো আমার বৈধ ইজারার টিকিট কাউন্টার ও রান্নাঘর পুড়িয়ে দিয়েছে। প্রশাসনের কাছেও হেনস্থার শিকার হচ্ছি। আমার বালুঘাটে যেসব নৌকা আসে, তাদের মারধর করে টাকাপয়সা কেড়ে নিচ্ছে টনি বিশ্বাসের লোক।’
এ বিষয়ে কথা বলতে জাকারিয়া পিন্টু, টনি বিশ্বাসসহ অবৈধ বালু উত্তোলনে জড়িত কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘কাউকে বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিআইডব্লিউটিএর চিঠিতে সরাসরি বলা হয়েছে, বালু উত্তোলনের পারমিশন কারও নাই। যে বা যারা তুলছে, এটা অবৈধ। আমাদের অভিযান চলবে।’
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম জানান, ‘এখন আমরা নদীতে টহল দিচ্ছি। আমরা চিঠি পেয়েছি। নদীতে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদেরকে ডিস্টার্ব করছে আমাদের দেখলেই সব পালিয়ে যায়।’
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘চিঠি তো আগেও আসছে। চিঠিটা আমাকে দেখতে হবে। এগুলো আমাদের যখন আইনশৃঙ্খলা মিটিং হয় সেখানে আলোচনা হয়। এই আলোচনার আলোকে ও চিঠিপত্রের আলোকে আমরা কাজ করব।’

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে বন্দরের মাছ বাজারসংলগ্ন রশিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে হোছেন আলী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে সাইক্লোন সেন্টারের পাশের নিজ বাড়ি থেকে তাঁ
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে পড়ায় একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন চালকসহ দুই ব্যক্তি। হঠাৎ একটি দ্রুতগতির বাস এসে তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। নিহত দুজন সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
২ ঘণ্টা আগে