Ajker Patrika

ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের ঘটনায় জামায়াত-বিএনপির ১৬ কর্মী আটক, ১৩ জনকে জরিমানা

ফেনী প্রতিনিধি
ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের ঘটনায় জামায়াত-বিএনপির ১৬ কর্মী আটক, ১৩ জনকে জরিমানা
প্রতীকী ছবি

ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজন থেকে মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিন দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাঁদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ।

আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত