কেন হামলাকে লঘু করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী—প্রশ্ন নুসরাতের

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বাড়িটিকে দীর্ঘদিনের পরিত্যক্ত উল্লেখ ও আগুনের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলায় তাঁর প্রশ্ন—হামলার ঘটনাকে কেন লঘু করে দেখাতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম এ ক্ষোভ জানান। এর আগে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সরকারের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়িটিতে আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং বৈদ্যুতিক সংযোগের তার পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাই বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূপকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!’
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আরও লেখেন, ‘আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’
পোস্টে নুসরাত দাবি করেন, তাঁর বিশ্বাস, এ হামলার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে লঘু করে দেখাতে চাইলেন, সেই প্রশ্নও তোলেন তিনি। নিজের বাড়ি পরিত্যক্ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও পরিত্যক্ত কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টের শেষাংশে লেখেন, ‘ছিঃ!’
এদিকে, বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ রাতে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।









