Ajker Patrika

এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একাধিক সংস্থা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৮: ৩১
এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একাধিক সংস্থা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পোড়া বাড়ি থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল। তবে আগুনের সূত্রপাত এবং পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঝিনাইদহ থেকে সিআইডির একটি ফরেনসিক দল দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের ডাংমড়কা এলাকায় পৌঁছে। পরে পুড়ে যাওয়া বাড়ির বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেন তারা। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরাও আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এতে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে দুটি ছাগলও মারা যায়। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি পুলিশের একাধিক দলও তদন্ত করছে। সিসিটিভি ফুটেজে তিনবার বিস্ফোরণের মতো ঘটনা দেখা গেছে। তবে এগুলো বিস্ফোরণ, নাকি আগুনের কারণে এমন শব্দ হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের মতামত পাওয়ার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত করছে। সিআইডির পাশাপাশি ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আগুনে বাড়িটির বেশ কিছু মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

পল্লী বিদ্যুতের দৌলতপুর উপজেলার প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে বিদ্যুতের লাইন থেকে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে। তবে সিআইডির সংগ্রহ করা আলামতসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত