এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম বাদী হয়ে মামলাটি করেন। এতে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় নাশকতাসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে আসছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার সময় সংসদ অধিবেশন চলায় নুসরাত তাবাসসুম ঢাকায় ছিলেন। তাঁর মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে পৈতৃক বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে খাওয়াদাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে তাঁদের ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে তাঁরা বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখেন।
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার উদ্দেশে বাড়িতে বোমাসদৃশ বস্তু দিয়ে আগুন ধরিয়ে দেন।
অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, সংসারের প্রয়োজনীয় সামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এ ছাড়া তিনটি ছাগল মারা যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে মামলায় দাবি করা হয়েছে।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা করা হচ্ছে। এতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।












